তামাকের ক্ষতিকর দিক বিবেচনায় নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সরকারি বেসরকারি ব্যাংকগুলো ধূমপানমুক্ত করার জন্য নির্দেশনা প্রদান করবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া তামাক শিল্পে বেসরকারি ব্যাংকগুলো কোন আর্থিক সহায়তা দেয় কিনা, যদি দিয়ে থাকে তার পরিমাণ ব্যাংকগুলোর কাছ থেকে জানা হবে। পাশাপাশি ক্ষুদ্র ঋণ প্রকল্প(এসএমইর)-র মাধ্যমে তামাক শিল্পের দরিদ্র শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।
৪ মার্চ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ কথা জানান। জোটের পক্ষ থেকে মতবিনিময়কালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দি ইউনিয়ন, উন্নয়ন সমন্বয়, ডাব্লিউবিবি ট্রাস্ট, ইপসা প্রভৃতি প্রতিষ্ঠানের প্রতিনিধিবন্দ উপস্থিত ছিলেন ।
গভর্ণর আরো বলেন, ধূমপানসহ তামাকজাত দ্রব্য মানুষের জন্য ক্ষতিকর। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক তার অবস্থান থেকে তামাক নিয়ন্ত্রণে সরকারকে সহযোগিতা করবে। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণের সঙ্গে অন্যান্য যে বিষয়গুলো জড়িত সেক্ষেত্রে বেসরকারি সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।
মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ, দি ইউনিয়ন-এর টেকনিক্যাল কনসালটেন্ট ড. আকরামুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অফিসার ডাঃ সৈয়দ মাহফুজুল হক এবং অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অফিসার ডাঃ সৈয়দ মাহফুজুল হক বলেন, তামাক নিয়ন্ত্রণ বহুমাত্রিক বিষয়। তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সব ব্যাংক কার্যালয় ধূমপানমুক্ত হওয়া উচিত।
তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ বলেন, তামাক চাষ আমাদের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। তাই অবিলম্বে তামাক চাষ নিয়ন্ত্রণ করতে হবে। তাই তামাক চাষ নিয়ন্ত্রণে উদ্যোগ গ্রহণ করতে হবে। কোন ব্যাংক যেন তামাক চাষ কিংবা উৎপাদনে ঋণ সহায়তা না দেয় সে বিষয়টি নিশ্চিত করতে গভর্ণর এর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
মতবিনিময় শেষে বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ প্রতিনিধিদলের পক্ষ থেকে সুনির্দিষ্ট দাবি সম্বলিত স্মারকলিপি বাংলাদেশ গভর্ণর এর হাতে তুলে দেয়া হয়। এ সময় ছিলেন বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক রাজী হাসান, জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, ইপসার প্রোগ্রাম অফিসার নাজমুল হায়দার, উন্নয়ন সমন্বয় এর প্রোগ্রাম অফিসার আবিদা সুলতানা মেরি, ডাব্লিউবিবি ট্রাস্ট এর সিনিয়র প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম সুজন প্রমুখ। |