আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

শিশুমৃত্যুহার কমাতে দরকার সম্মিলিত উদ্যোগ: আন্তর্জাতিক ক্যাম্পেইনের উদ্বোধন

ফয়সাল আকবর:

২০১৫ সালের মধ্যে শিশুমৃত্যুর হার দুই-তৃতীয়াংশ কমিয়ে আনতে পুরো বিশ্বে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। এখনো বাংলাদেশে প্রতিরোধ সম্ভব এমন রোগে প্রতিবছর দেশে আড়াই লাখ শিশু মারা যাচ্ছে পাঁচ বছর বয়স হবার আগেই। সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে কাজ করলে শিশুমৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।

২০ মার্চ সকালে রাজধানীর শেরাটন হোটেলে সেভ দ্য চিলড্রেন আয়োজিত নবজাতক এবং শিশুরক্ষা বিষয়ে পাঁচ বছর মেয়াদি আন্তর্জাতিক ক্যাম্পেইন 'এভরি ওয়ান'-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিশুস্বাস্থ্য ও পুষ্টিবিদেরা এ কথা বলেন। নবজাতক ও শিশুরক্ষা-বিষয়ক এ সভা যৌথভাবে আয়োজন করে সেভ দ্য চিল্ড্রেন যুক্তরাষ্ট্র, সেভ দ্য চিল্ড্রেন যুক্তরাজ্য, সেভ দ্য চিল্ড্রেন সুইডেন-ডেনমার্ক ও সেভ দ্য চিল্ড্রেন অস্ট্রেলিয়া। আয়োজকেরা বলেন, ‘আমরা সবাই’ প্রচারণা ২০১৫ সালের মধ্যে শিশুমৃত্যুর হার দুই তৃতীয়াংশে কমিয়ে আনার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সরকার ও অন্য অংশীদারদের মঞ্চ হিসেবে কাজ করবে। এ মঞ্চের সঙ্গে তরুণ ও মধ্যবিত্ত শ্রেণীকে মোবাইল ও ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে সম্পৃক্ত করা হবে। এ প্রচারণা এক কোটি শিশুকে ভালোভাবে বেঁচে থাকতে ও বেড়ে উঠতে সাহায্য করবে বলে দাবি করা হয়।

আলোচনায় অংশ নিয়ে সেভ দ্য চিল্ড্রেন যুক্তরাষ্ট্রের আবাসিক পরিচালক কেল্যান্ড স্টিভেনসন বলেন, সংক্রমণ ও জন্মকালীন জটিলতাসহ আরও অনেক কারণে শিশুরা মারা গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে পুষ্টিহীনতা। এ সমস্যা খুব সহজে ও কম খরচে প্রতিরোধ সম্ভব।

সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্কের কান্ট্রি ডিরেক্টর নিলস বেন্টজেন বলেন, সারাবিশ্বে শিশুমৃত্যুহার আগের চেয়ে কমলেও তা আরো হ্রাস করা দরকার। এজন্য শিশুদের বাঁচার জন্মগত অধিকার নিশ্চিত করতে সবার একযোগে কাজ করা উচিত।

সেভ দ্য চিলড্রেন-অস্ট্রেলিয়ার কান্ট্রি ডিরেক্টর সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, ব্যবসায়ী নেতা আনিসুল হক, সেভ দ্য চিল্ড্রেন যুক্তরাজ্যের আবাসিক পরিচালক সুমন সেনগুপ্ত,  অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিটপী দাশ চৌধুরী, ব্র্যাকের তাসমিন চৌধুরী, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি কো-অর্ডিনেটর ডা. ঈশিতা আজাদ প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক আশরাফ কায়সার।