বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় রানীক্ষেত রোগে গত তিন দিনে প্রায় ৩০ হাজার মুরগি মারা গেছে। এ অবস্থায় পোলট্রি খামারের মালিকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত পোলট্রি খামারের মালিকেরা জানান, তিন দিন আগে উপজেলার বিভিন্ন এলাকার পোলট্রি খামারের মুরগি মরা শুরু হয়। তিন দিনে ২০টি খামারের প্রায় ৩০ হাজার মুরগি মারা গেছে। গৌরনদী পোলট্রি খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, দুদিন আগে হঠাৎ করে তাঁর খামারের প্রায় পাঁচ হাজার মুরগি কয়েক ঘণ্টার মধ্যে কাঁপতে কাঁপতে একপর্যায়ে মারা যায়। এ ছাড়া সমিতির সদস্য পিঙ্গলাকাঠি গ্রামের তরুণ পোদ্দারের দুই হাজার, কসবা গ্রামের হাকিম খানের ৫০০, কাসেমাবাদ গ্রামের মিজানুর রহমান খানের এক হাজার ৫০০, তামান্না পোলট্রি ফার্মের দুই হাজার ৫০০, রুহুল আমীন সিকদারের ৫০০, মোস্তাফিজুর রহমানের ৫০০, দিয়াশুর গ্রামের ফরহাদ হোসেনের তিন হাজার ৫০০, হারুণ হাওলাদারের এক হাজার ২০০, টরকী বাসস্ট্যান্ডের জহির পোলট্রি ফার্মের দুই হাজার, ধানডোবা গ্রামের সেন্টু মিয়ার খামারের এক হাজার ৭০০, পিঙ্গলাকাঠি গ্রামের এসকেন্দার মৃধার এক হাজার মুরগিসহ বিভিন্ন খামারের প্রায় ৩০ হাজার মুরগি গত তিন দিনে মারা গেছে। এ ছাড়া দিয়াশুর, কাসেমাবাদ, কসবা, গোবর্ধন এলাকায় পাঁচটি কাক মারা যাওয়ারও খবর পাওয়া গেছে।
|