সরকারি হাসপাতালে ২ হাজার ৬৩৯টি ডিপ্লোমা নার্সের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বেকার নার্সদের কাছে ও অফার লেটার পাঠিয়েছে সেবা অধিদপ্তর। জ্যেষ্ঠতা, মেধা ও ব্যাচ ভিত্তিতে যারা সরকারি চাকরিতে যোগদান করতে ইচ্ছুক এমন প্রায় ৬ হাজার নার্সের কাছে এ ফরম পাঠানো হচ্ছে। প্রতিটি ফরমে সরকারি বেসরকারি উভয় শ্রেণীর নার্সদের প্রত্যেককে বাধ্যতামূলক কোন সেবা পরিদফতর থেকে কবে পাস করেছে ইত্যাদিসহ বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করতে হবে। চাকরিতে যোগদানের ক্ষেত্রে ৫টি জেলা ও অপশন হিসেবে উল্লেখ করতে হবে। আবেদনপত্র প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী উপযুক্ত নার্সকে নিয়োগপত্র প্রদান করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের দ্বিতীয় শ্রেণীর কর্মচারীর পদমর্যাদা প্রদান করায় এখন থেকে তারা জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুসারে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের সমান সুযোগ-সুবিধা পাবেন। ৯ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত- এক আদেশ জারি হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও নার্সিং) কেবিএম ওমর খৈয়াম চৌধুরী বলেছেন, শূন্য পদের বিপরীতে কাউকেই ঢাকার কোন হাসপাতালে পোস্টিং দেয়া হবে না। সবাইকে ঢাকার বাইরের উপজেলায় নিয়োগ দেয়ার কথা তিনি বলেছেন । ফেব্রুয়ারির মধ্যে সর্বত্র নিয়োগ প্রদান করার ঘোষনা দেন তিনি। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে বিশেষ করে উপজেলা হাসপাতালে নার্সের পদ শূন্য থাকায় সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে দেশের ৩৪টি সরকারি ও ২০টি বেসরকারি সেবা পরিদফতর পরিচালিত হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান থেকে প্রতি বছর ১ হাজার ৮২০ জন ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৬৫৩ জনসহ মোট ২ হাজার ৪৭৩ জন পাস করছে। গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৩ সালে সর্বশেষ নার্স নিয়োগ দেয়া হয়। এরপর কয়েক দফা নিয়োগের উদ্যোগ নেয়া হলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতার কারণে তা সম্ভব হয়নি। বর্তমান সরকার এসে শূন্য পদে নার্স নিয়োগের ঘোষণা দেয়। সেইসাথে গ্রাম পর্যায়ে চিকিসাসেবা পৌছে দেয়ার লক্ষে কমিউনিটি ক্লিনিকগুলোতে অচিরেই স্বাস্থ্য সহকারী নিয়োগের ঘোষনা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এতদিন সরকারি চাকরি হবে কি হবে না এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ- ডিপ্লোমা বেকার নার্সরা এখন গুড পোস্টিংয়ের জন্য সেবা পরিদফতরে ধরনা দিচ্ছেন। সবাই চান ঢাকার আশপাশে থাকতে। সবাই পরিবার-পরিজন, স্ত্রী-সন্তানদের পড়াশোনার দোহাই দিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা দিয়েছেন, বেতন স্কেল বৃদ্ধি হয়েছে; তারপরও সবাই ঢাকাকেন্দ্রিক। মূলত সরকার উপজেলাসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থসেবা নিশ্চিত করতে আরও অধিক নার্স নিয়োগের সিদ্ধান- নিয়েছে। সরকারের এ উদ্যোগ নার্সদের শহরকেন্দ্রিক মনমানসিকতার কারণে ব্যাহত হওয়ার আশংকা রয়েছে বলে তারা মন্তব্য করেন |
|