আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

জাতীয় শিশুনীতিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও জন্মনিবন্ধন অন্তর্ভুক্ত করার দাবি

আমার হেলথ প্রতিনিধি: বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও জন্মনিবন্ধন করা, এইডস বিষয়ে সচেতনতা সৃষ্টির পদক্ষেপ, ভাসমান ও নিরাশ্রয় শিশুদের জন্য স্থায়ী শিক্ষার ব্যবস্থা, অবিবাহিত বাবা-মায়ের সন্তানদের সামাজিক স্বীকৃতি, কারাদণ্ডপ্রাপ্ত মায়ের সন্তানের সুরক্ষাসহ বেশ কয়েকটি বিষয় জাতীয় শিশুনীতিতে যুক্ত করার সুপারিশ করেছে শিশুরা। একইসঙ্গে খসড়া জাতীয় শিশুনীতিতে থাকা ‘রাজনৈতিক কর্মকাণ্ডে’ বয়োসন্ধিকালীন কিশোর-কিশোরীদের অংশগ্রহণে উত্সাহিত করার বিষয়টি বাদ দেয়ার সুপারিশ করেছে তারা। এছাড়া সুনির্দিষ্টভাবে কোন নীতি কবে কীভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়গুলোও তারা শিশুনীতিতে দেখতে চায়। সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া আয়োজিত এক মতবিনিময় সভায় শিশুদের পক্ষ থেকে এসব সুপারিশ উঠে আসে। গত ০৩-০৩-২০১০ তারিখ রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে সুপারিশগুলো উপস্থাপন করা হয়। শিশুদের প্রতিনিধি হিসেবে মুক্তি, মাহবুব, হৃদয়, পার্থ, রাফা, মুনিয়া, তৌকির, জোবায়ের, রিয়াজ, টুম্পা তাদের সুপারিশগুলো তুলে ধরে। এই শিশুরা ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) ও চাইল্ড পার্লামেন্টের সদস্য।
এর আগে সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া আয়োজিত পাঁচটি বিভাগীয় মতবিনিময় সভায় ও পথশিশু, শ্রমজীবী, প্রতিবন্ধী, আদিবাসী, নদীভাঙন, দলিত/হরিজন, যৌনপল্লী, সেফহোম, এতিমখানার শিশুদের সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে এই সুপারিশগুলো চূড়ান্ত করেছে তারা। খুব শিগগিরই এই সুপারিশমালা সরকারের কাছে পৌঁছে দেয়া হবে।
শিশুরা জানায়, জাতীয় শিশুনীতি খুবই যুগোপযোগী। তাদের সুপারিশগুলোও এই নীতিতে আসা প্রয়োজন। শিশুদের সুপারিশমালায় আরও আছে, আদিবাসীদের জন্য মাতৃভাষায়, বাক ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষক নিয়োগ করে শিক্ষার ব্যবস্থা করা। জাতীয় পর্যায়ে প্রতিবন্ধী শিশুদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা ইত্যাদি।