আমারহেলথ (১৩মার্চ, রবিবার): ফিজিওথেরাপি চিকিৎসা ও ফিজিওথেরাপি পেশাজীবীদের প্রস্তাবিত স্বাস্থ্যনীতিতে অন্তর্ভুক্তকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি (বিপিএস)।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন বিপিএস এর ভারপ্রাপ্ত সভাপতি ডা. দলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সহ-সভাপতি ড. মো. সফিউল্যাহ প্রধান, ভারপ্রাপ্ত সহ-সভাপতি ড. মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ডা. মো. ফরিদ উদ্দিন ও কার্যকরী কমিটির সদস্যরা।
সম্মেলনে জানানো হয়, বিভিন্ন প্রকার বাত ব্যথা, হাড়-জোড়া ও মাংসপেশির ব্যথা, প্যারালাইসিসসহ জটিল রোগের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশে মোট জনগোষ্ঠীর বিপুল সংখ্যক এসব জটিল রোগে আক্রান্ত। অথচ দেশে ফিজিওথেরাপি পেশাজীবীরা দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার পরও সীমাহীন দৈন্যদশা ও চরম অবমূল্যায়নের শিকার।
সম্মেলনে অভিযোগ করা হয়, সরকারি হাসপাতালগুলোতে ফিজিওথেরাপিস্টদের পদগুলোতে টেকনোলজিস্টদের বসিয়ে রাখা হয়েছে। অথচ দেশে বর্তমানে প্রায় ১ হাজারেরও বেশি ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট রয়েছেন। তাদের নিয়ে সরকারের কোনো পরিকল্পনা চোখে পড়ছে না।
|