আমার হেলথ (শনিবার, ১১ জুলাই ২০১০): শিক্ষার্থীরা ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষের যের ধরে বন্ধ করে দেয়া হয়েছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে অবস্থিত বেসরকারী মেডিক্যাল কলেজ চিটাগাং ইনস্টিটিউট অব মেডিক্যাল টেকনোলজি। অনুমোদনহীন বিএসসি বিভাগ চালুর প্রতিবাদে ওই বিভাগের শিক্ষার্থীরা গতকাল, শনিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা কর্মকর্তা কর্মচারীদের মারধরের চেষ্টা চালায়। ফলে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে ।
জানা যায়, চিটাগাং ইনস্টিটিউট অব মেডিক্যাল টেকনোলজিতে ফার্মেসী, ল্যাবরেটরী, ডেন্টাল ও বিএসসিতে মোট আড়াইশ ছাত্র-ছাত্রী রয়েছে। প্রথম তিনটি বিভাগে সরকারি অনুমোদন থাকলেও বিএসসির কোন অনুমোদন নাই। তা সত্বেও কর্তৃপক্ষ দেড় বছর আগে থেকে এই বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি করে আসছে। জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা ভর্তি ফি মাসিক দেড় হাজার টাকা বেতনে বিএসসিতে ৯৪ জন শিক্ষার্থী রয়েছে। গত দেড় বছর ধরে কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের আশ্বাস দিয়ে আসলেও তারা সরকারী অনুমোদন লাভে ব্যর্থ হয় । অনুমোদনহীন বিএসসি কোর্স চালুর দেড় বছর পরও সরকারী অনুমোদন না পাওয়ায় শিক্ষার্থীরা কোন পরীক্ষায়ও অংশ গ্রহণ করতে পারছিল না ।
এ ব্যাপারে কলেজটির একাডেমিক সেক্রেটারী পরিচয়দানকারী জামাল আকতার বলেন, অনুমোদন এখনোও প্রক্রিয়াধীন রয়েছে।
|