নাজিবুল্লাহ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের জরুরি চিকিত্সাসেবা কার্যক্রম চালু হয়েছে । স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গত পহেলা ফেব্রুয়ারী হাসপাতালের ডি-ব্লকের নিচতলায় এই কার্যক্রম উদ্বোধন করেন। এই কার্যক্রমের আওতায় রয়েছে ১৫ শয্যার জরুরি সেবা ইউনিট। বিশেষজ্ঞ চিকিত্সকের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা এ বিভাগ চালু থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, অর্থোপেডিক বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম চৌধুরী, অর্থোপেডিক বিশেষজ্ঞ নকুল কুমার দত্ত, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব শারফুদ্দিন আহমেদ প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, সরকার সরকারি হাসপাতালগুলোতে জরুরি চিকিত্সাসেবাকে সব সময় গুরুত্ব দিচ্ছে। এ জন্য জেলা সদর হাসপাতাল পর্যন্ত জরুরি চিকিত্সার সুযোগ সম্প্রসারণে সরকার উদ্যোগ নিয়েছে। বিএসএমএমইউ হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের নতুন এই জরুরি চিকিত্সা ব্যবস্থাপনা বিএসএমএমইউর জরুরি বিভাগকে স্বয়ংসম্পূর্ণ করেছে। তিনি বিএসএমএমইউতে সব ধরনের জরুরি চিকিত্সাসেবা নিশ্চিত করা প্রয়োজন বলে উল্লেখ করেন।
|