
আমারহেলথ ডেস্ক (২৫ নভেম্বর, বৃহস্পতিবার): বিশ্বে নতুন করে এইচআইভি ভাইরাসের সংক্রমণ এবং এইডস রোগে মৃত্যুর সংখ্যা হ্র্রাস পেয়েছে। জাতিসংঘের এইচআইভি/এইডস-সংক্রান্ত কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ইউএনএইডসের এক নতুন পরিসংখ্যানে এ কথা জানা গেছে।
সংস্থাটির পরিসংখ্যানে বিশ্বজুডে এইডসের মহামারি রূপ হ্রাস পাচ্ছে বলে বলা হলেও একই সঙ্গে এ কথাও উল্লেখ করা হয়েছে যে বৈষম্য ও সামাজিক কলঙ্কের কারণে এইসআইভি/এইডস আক্রান্ত তিন কোটি তিন লাখ মানুষের জীবন দুরূহ হয়ে উঠেছে।
পরিসংখ্যানে বলা হয়েছে, গত বছর নতুন করে এইচআইভি আক্রান্তদের সংখ্যা ছিল ২৬ লাখ। ১৯৯৯ সালের তুলনায় এ হার ২০ শতাংশ কম। ২০০৪ সালে এইচআইভি আক্রান্তের সংখ্যা ছিল ২১ লাখ ।
পরিসংখ্যানে অনুযায়ী, আফ্রিকার দেশগুলোতেই এইচআইভি ভাইরাসে সবচেয়ে বেশি লোক আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের ৭০ শতাংশই সেই অঞ্চলের নাগরিক। তবে দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও ইথিওপিয়ায় আক্রান্তের হার কমেছে।
ইউএনএইডস বলছে, নেতিবাচক আইন, বৈষম্য, সমকামিতা ইত্যাদি এইডসের বিরুদ্ধে যুদ্ধকে বাধাগ্রস্ত করছে। ইউএনএইডসের নির্বাহী পরিচালক মাইকেল সিডিবে বলেন, ‘দৃঢ় পদক্ষেপ ও বুদ্ধিদৃপ্ত পছন্দের মাধ্যমে আমরা এইডসের মহামারি চক্রকে ভাঙছি।’ বিবিসি।
|