আটলান্টিক পাড়ের ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে গত ১২ জানুয়ারীর ভয়াবহ ভূমিকম্পে কতো লোক নিহত হয়েছে তার সংখ্যা এখনো জানাতে পারেনি দেশটির সরকার। তবে এ সংখ্যা দুই লাখ হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রী পল আন্টোনিও জানিয়েছেন। তিনি বলেন, এরই মধ্যে প্রায় ৫০ হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৪০ হাজার মৃতদেহ গণকবর দেয়া হয়েছে। রাজধানী পোর্ট অফ প্রিন্সের রাজপথ থেকে মৃতদের সরানোর কাজ শুরু হয়েছে। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। এদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। কারণ এর মধ্যে চারদিন পার হয়ে গেছে।রাজধানীতে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার এবং চিকিৎসা ও খাদ্য সহায়তা দিতে এরই মধ্যে কমপক্ষে ৩০টি দেশের ত্রাণকর্মীরা নিরন্তর কাজ করে যাচ্ছেন। এদিকে ধারালো চাপাতি সজ্জিত লুটেরা দল শুক্রবার হাইতির বিভিন্ন রাস্তায় আরো তান্ডব চালিয়েছে। পাশাপাশি ভূমিকম্পের তিনদিন পর বিধ্বস্ত রাজধানীর জনগণের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। নগরবাসী খাদ্য ও পানির জন্য হাহাকার করছে। কারণ রাজধানীতে বিপুলসংখ্যক ত্রাণ পৌঁছালেও সমন্বয়ের অভাব দেখা দিয়েছে। এর মধ্যেই আশার বাণী নিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন গত ১৬ জানুয়ারী ভূমিকম্পবিধ্বস্ত হাইতি পরিদর্শনে যান। এর আগে জাতিসংঘ ভূমিকম্প দুর্গতদের সহযোগিতায় শুক্রবার দাতাদের কাছ থেকে ৫৬ কোটি ২০ লাখ ডলার সাহায্যের আবেদন জানিয়েছে। সূত্র : এএফপি, বিবিসি, রয়টার্স, এপি, আল-জাজিরা
|