আমারহেলথ ডেস্ক: প্রতিবছর বিশ্বের প্রায় ১৩ শতাংশ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। দুরন্ত এ ব্যাধিকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে না পারায় আধুনিক চিকিৎসা থাকার পরেও এ মৃত্যুদূতকে প্রতিহত করা সম্ভব হয় না।
তবে এবার এ শনাক্তকরণ-কাজে বড় সফলতার বার্তা নিয়ে এসেছে জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ গবেষণা দল।
গবেষকরা মঙ্গলবার বার্তা সংস্থাকে জানান, কেবল মুখের লালা পরিক্ষার মাধ্যমে আগেভাগেই জানা সম্ভব হবে বিভিন্ন ধরনের ক্যান্সারের খবর।
জাপানের কেইও বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথভাবে এ গবেষণা চালান।
গবেষকদের একটি প্রতিবেদন থেকে জানা যায়, এ পদ্ধতিতে পাকস্থলীর কাছাকাছি অবশিষ্ট বিভিন্ন গ্ল্যান্ড, স্তন ও মুখের ক্যান্সার শনাক্তের ক্ষেত্রে বড় ধরনের সাফল্যের দেখা মিলেছে।
মুখের লালাস্থিত এসব ক্যান্সার আলামত পুরোপুরি বিশ্লেষণ করে গবেষকরা ৯৯ শতাংশ ক্ষেত্রে যথাযথভাবে গ্লান্ড ক্যান্সার শনাক্ত করতে সক্ষম হন। স্তন ও মুখের ক্যান্সার শনাক্তের ক্ষেত্রে এ সফলতার হার যথাক্রমে ৯৫ ও ৮০ শতাংশ।
জাপানের কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তমোয়োশি সোগা বলেন, এ নতুন প্রযুক্তির সাহায্যে একই সময়ে মুখের লালা থেকে ৫০০ রকমের উপাদান শনাক্ত করা যায়। তার মতে, গ্লান্ড ও মুখের ক্যান্সার অতি সহজে শনাক্ত করতে এ প্রযুক্তি অভাবিত ভূমিকা রাখতে পারবে।
এএফপি অবলম্বনে জাফর সাদেক শিবলী। |