মেয়ে শিশু জন্মের পর কতদিন পর সে পরিপূর্ণ নারীত্ব লাভ করবে তা নির্দিষ্টকরে বলা মুশকিল। নারীত্বের পথে হাঁটা শুরু হয় মূলত তার বয়ঃসন্ধিকাল থেকে।
তবে সবার জন্য বয়সন্ধিকালটা একই সময়ে আসেনা। বরং ভিন্ন ভিন্ন সময়ে আসে।
সম্প্রতি একদল ব্রিটিশ গবেষক ১২ বছর বয়সী তিন হাজার মেয়ে শিশুর ওপর গবেষণা চালিয়ে এ বিষয়ে নতুন তথ্য দিয়েছেন।
তারা বলেছেন, অতিরিক্ত মাংস ভোজনে অল্প বয়সেই মেয়েদের বয়ঃসন্ধির দ্রুত ঘটে। এর অর্থ যে সমস্ত মেয়েরা অতিরিক্ত মাংস ও কোলেষ্টরল যুক্ত খাবার খায়, তাদের ঋতুস্রাব অন্যান্য মেয়েদের তুলনায় আগে শুরু হয়।
গবেষক দলের প্রধান ড. ইমোজেন রজার্স জানান, মাংস থেকে প্রচুর জিংক ও আয়রন পাওয়া যায়। আর প্রজননক্ষম হয়ে ওঠার ক্ষেত্রে জিংক ও আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গবেষকরা পরীক্ষণ পাত্র হিসেবে চিহ্নিত করা ওই শিশুদের জন্মের পর থেকেই পর্যবেক্ষণে রাখেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের খাদ্যাভাসে মাংস অন্তর্ভুক্ত করা হয়। একটি দলকে অতিরিক্ত মাংস এবং অন্যদের কম মাংস খেতে দেওয়া হয়। এভাবে তিন, সাত ও ১০ বছর বয়সে তাদের খাদ্যাভ্যাস পর্যালোচনা করা হয়।
সবশেষে ১২ বছর আট মাস বয়স পর্যন্ত যেসব শিশুর বয়ঃসন্ধিক্ষণ শুরু হয়েছে তাদের অন্যদের থেকে আলাদা করা হয়। এতে দেখা যায়, যাদেরকে অতিরিক্ত মাংস খেতে দেওয়া হয়েছে তাদের মধ্যে আগেভাগে ঋতুস্রাব শুরু হয়েছে।
বিবিসি অনলাইন অবলম্বনে জাফর সাদেক শিবলী । |