
হাজার হাজার মানুষের হার্ট অ্যাটাকের সঙ্গে গ্লাক্সোস্মিথক্লাইন কোম্পানির অ্যাভানডিয়া নামের ডায়াবেটিসের ওষুধটির সম্পর্ক পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। শনিবার সিনেট কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, গ্লাক্সোস্মিথক্লাইন জেনেশুনে বছরের পর বছর ধরে বিষয়টি জনগণের কাছ থেকে গোপন রেখেছে। কোম্পানিটি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সিনেটের অর্থ সংক্রান্ত কমিটির ৩৩৪ পৃষ্ঠার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের 'ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) সমালোচনা করে বলেছে, খাদ্য, তামাক ও ওষুধের ওপর নজরদারি করার এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানটির কর্মীরা বিষয়টি চিহ্নিত করলেও প্রতিষ্ঠানটি তা উপেক্ষা বা অগ্রাহ্য করেছে।
গত দুই বছর ধরে তদন্তের পর প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ ব্যাপারে গ্ল্যাক্সোস্মিথক্লাইন কম্পানি, এফডিএ ও কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য নেয়া হয়েছে।
কমিটির চেয়ারম্যান, ডেমোক্র্যাট দলীয় সিনেটর ম্যাক্স বাউকাস বলেন, 'অ্যাভানডিয়া ওষুধটি যে স্বাস্থ্যের জন্য মারাত্বক ঝুঁকিপূর্ণ তা জানার অধিকার আমেরিকার জনগণের রয়েছে। আর গ্ল্যাক্সোস্মিথক্লাইনেরও দায়িত্ব ছিল মানুষকে ঝুঁকির ব্যাপারটি জানানো। রোগীরা চিকিৎসা ও জীবন রক্ষার জন্য ওষুধ কোম্পানিগুলোকে বিশ্বাস করে। গ্যাক্সোস্মিথক্লাইন সেই বিশ্বাসের অপব্যবহার করেছে।
তবে ওষুধটির স্বাস্থ্যগত ঝুঁকির অভিযোগটি প্রত্যাখ্যান করেছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন। কম্পানির মুখপাত্র ন্যান্সি পেকারেক বলেন, 'খাদ্য ও ওষুধ প্রসাশন আমাদের তথ্যগুলো পর্যালোচনা করেছে এবং অ্যাভানডিয়াকে বাজারে থাকার অনুমতি দিয়েছে। তিনি দাবি করেন, ক্লিনিক্যাল পর্যায়ে সাতটি পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে, অ্যাভানডিয়ার সঙ্গে হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক নেই। |