আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

মিরপুরে পোশাকশ্রমিকদের জন্য হাসপাতাল হচ্ছে

আমারহেলথ ডেস্ক: তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য মিরপুরে ১৫০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করছে বিজিএমইএ। সদস্যদের অর্থায়নে এই হাসপাতাল নির্মিত হবে। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য এটিই হবে দেশের প্রথম হাসপাতাল।শনিবার ৫ ফেব্রুয়ারি এই হাসপাতাল ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়।
এই হাসপাতালে জরুরি বিভাগ, প্রসূতি বিভাগ, নবজাতকদের চিকিৎসা বিভাগ, নাক-কান-গলা বিভাগ, প্যাথোলজি ও অস্ত্রোপচার বিভাগ থাকবে। হাসপাতালের নির্মাণব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। কর্তৃপক্ষের আশা, দেড় বছরের মধ্যে হাসপাতালের নির্মাণকাজ শেষ হবে।
হাসপাতাল ভবনের নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে ৫ ফেব্রুয়ারি সকালে বিজিএমইএ কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। এ ছাড়া সাংসদ ইসরাফিল আলম, বিজিএমইএর পরিচালক, নেতারা এবং বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তৈরি পোশাকশ্রমিকদের ২৫ জন মেধাবী সন্তানকে বৃত্তি ও শিক্ষার উপকরণ এবং ছয়জন দক্ষ শ্রমিককে সনদ দেওয়া হয়।