২৪ মে, আমারহেলথ: রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নি ডাক্তারদের লাগাতার কর্মবিরতির কারণে ভেঙ্গে পড়েছে রামেক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারন রোগীরা। ২৪ মে সকালে চার দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্নি চিকিৎসক পরিষদ সংবাদ সম্মেলন করে কর্মবিরতির ঘোষণা দেয়। ২৩ মে রাতে এক রোগীর অভিবাবকের সাথে ইন্টার্নি ডাক্তারদের মারামারির ঘটনাকে কেন্দ্র করে এ অবস্থার সৃষ্টি হয়। এ ঘটনায় নিউরো সার্জারী ওয়ার্ডের প্রধান ড. শেখ ইকরামুল আলীকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাতে নগরীর রায়হান রুবেল তার দাদা আব্দুল হককে চিকিৎসার জন্য ভর্তি করেন। এরপর সেখানে দায়িত্বরত ইন্টার্নি চিকিৎসক শাহ আলম লালনের শরণাপন্ন হলে তিনি তার উপর ক্ষেপে যান। এতে প্রতিবাদ করলে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তার মা স্কুল শিক্ষিকা হাসিনা বেগম এগিয়ে এলে ইন্টার্নি ডাক্তাররা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। তবে ইন্টার্নি ডাক্তাররা এসব অভিযোগ অস্বীকার করে তাদেরকে মারধর করা হয়েছে বলে দাবি করেছেন।
এদিকে রোগীরা অভিযোগ করেছেন রোববার মধ্য রাতের পর থেকে তারা কোনো চিকিৎসা পাচ্ছেন না। ইন্টার্নি ডাক্তাররা কোনো ওয়ার্ডে চিকিৎসা দেননি। শুধু নার্স আর ওয়ার্ড বয়রা রোগীদের তদারকি করেছে। সকালে সিনিয়র চিকিৎসকরা ওয়ার্ডে শুধুমাত্র রাউন্ড দিয়ে তাদের দায়িত্ব পালন করেছেন।
ইন্টার্নি ডাক্তাররা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার আব্দুল লতিফের অপসারণ, সার্বক্ষণিক অতিরিক্ত পুলিশ মোতায়েন ও হামলাকারীদের শাস্তির দাবি জানান। |