অপ্রতুল লাইফ সাপোর্ট ও ১টি অ্যাম্বুলেন্স নিয়ে চলছে রামেক হাসপাতাল |
ফয়সাল আকবর: রোগী ও তাদের আত্মীয়রা অভিযোগ করে বলেন, মুমূর্ষু রোগীদের লাইফ সাপোর্টের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার না থাকায় সপ্তাহে ১-২ জন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হচ্ছে । এবং জরুরি রোগীদের অক্সিজেন দেয়ার নির্দেশ দিলেও ওয়ার্ড বয় ও নার্সরা তা ঠিকভাবে পালন করে না। এমনকি অনেকে এ সুযোগে অবৈধ আয় করে বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া জরুরি মুহূর্তে কল করেও হাসপাতালের অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। তবে কর্তৃপক্ষের দাবি, কাজে না থাকলে যেকোনো স্থান থেকে অ্যাম্বুলেন্সের জন্য কল করা হলে তারা সেখানে গিয়ে রোগী নিয়ে আসে। রোগীদের আরো অভিযোগ, সাধারণ মানুষ অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলে দেওয়া হয় না। বলা হয় ব্যস্ত বা গাড়ি নেই। কেবল প্রভাবশালী ব্যক্তিরা ফোন করলেই মেলে অ্যাম্বুলেন্স। আশঙ্কাজনক রোগীদের ভরসা হয় রিকশা, নয়তো ভাড়া করা প্রাইভেটকার। রাজশাহী মহানগরীর বাসিন্দা করিম উদ্দিন জানান, সম্প্রতি তাঁর ভাইয়ের হার্টের সমস্যায় জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্সের জন্য ২০ বার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায় নি। এটা সচরাচর ঘটছে । সাধারন মানুষ এ অ্যাম্বুলেন্সের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। । তিনি বলেন, এখানে বেসরকারিভাবেও অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা নেই। এ কারণে জরুরি মুহূর্তে রোগীকে হাসপাতালে নিতে কষ্টের সীমা থাকে না। অ্যাম্বুলেন্স না থাকায় রোগীদের দুর্ভোগ হচ্ছে স্বীকার করে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আব্দুর রহমান বলেন, 'মাত্র একটি অ্যাম্বুলেন্স থাকায় বাইরে কোনো রোগী যেতে চাইলে আমরা নিয়ে যেতে পারি না। বাইরের গাড়িগুলো অতিরিক্ত ভাড়া দাবি করে। এতে লোকজনের সমস্যা হয়।' হাসপাতলের এ অবস্থা সম্পর্কে রাজশাহী মেডিক্যাল কলেজের প্রশাসনিক কর্মকর্তা ডা. মহিবুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সসহ লাইফ সাপোর্টের সমস্যা নিরসনে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নষ্ট দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি খুব শিগগির ঠিক করে চলাচলের উপযোগী করা হচ্ছে। আর বাকি একটিও দ্রুত চলাচলের উপযোগী করে তোলা হবে। একইসাথে অ্যাম্বুলেন্স বাড়ানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে। এছাড়া অক্সিজেন সিলিন্ডারসহ লাইফ সাপোর্টের বিভিন্ন সরন্জামাদি ক্রয়ের জন্য দ্রুত ব্যবস্থা করা হচ্ছে। সুত্র -কালেরকন্ঠ
|
Copyright © 2009 |Amarhealth|