আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

হাসপাতালে প্যালিয়াটিভ কেয়ার ইউনিট খোলার আহ্বান রাষ্ট্রপতির

আমারহেলথ (২২ জানুয়ারী, শনিবার): যন্ত্রণাহীন মৃত্যু নিশ্চিত করতে দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে প্যালিয়াটিভ কেয়ার ইউনিট স্থাপনের আহ্বার জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
২১ জনুয়ারী সন্ধ্যায় রাজধানীর ওসমানি মিলনায়তনে অনুষ্ঠিত 'প্যালিয়াটিভ কেয়ার এন্ড পাবলিক হেলথ' শীর্ষক ৩ দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি এ আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্যালিয়াটিভ কেয়ারের মাধ্যমে অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত ব্যক্তির দুঃখ-কষ্ট লাঘব করা যায়। দুরারোগ্যব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য প্যালিয়াটিভ কেয়ার সার্ভিসের বিকল্প নেই।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয় এবং ভারতের ইনস্টিটিউট অব প্যালিয়াটিভ মেডিসিনের সমন্বিত উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহিদ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল-দত্ত, প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা প্রমুখ।
প্যালিয়াটিভ কেয়ারের সঙ্গে হোম কেয়ার সার্ভিস এর সমন্বয় ঘটাতে সংশ্লিষ্টদের সচেষ্ট হওয়ার আহবান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, হোম কেয়ার সার্ভিস চালুর মাধ্যমে দুরারোগ্যব্যাধিতে আক্রান্ত রোগীর দোরগোড়ায় দ্রুত পর্যাপ্ত ও কার্যকরী চিকিৎসা সুবিধা পৌঁছে দেয়া সম্ভব হবে।
তিনি বলেন, গ্রামাঞ্চলের জনগণের অনেকেই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনে। আর্থিক অনটনের কারণে উন্নত চিকিৎসা লাভ তাদের পক্ষে সম্ভব নয়। প্যালিয়াটিভ কেয়ার ইউনিট স্থাপন করা গেলে আশাহত রোগীরা স্বাভাবিকভাবে বেঁচে থাকার আলো দেখবে।
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহিদ বলেন, প্যালিয়াটিভ কেয়ার সেবা দু'ধাপে দেয়া হয়। একটি হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে অন্যটি হচ্ছে সামাজিকভাবে। অনিরাময় যোগ্য রোগে আক্রান্তদের সেবা ও কল্যাণে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির বলেন, স্বাস্থ্যনীতিতে দুরারোগ্য রোগে আক্রান্তদের জন্য সেবা প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। যা রোগের সেবা প্রদানের মানকে উন্নত করবে।
অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, প্যালিয়াটিভ কেয়ারকে বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে এ অমূল্য সেবাটি পৌঁছে দেয়ার সুযোগ করে দিতে হবে।
অনুষ্ঠানের শেষে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩৫০০ বর্গফুট আয়তনের 'প্যালিয়াটিভ কেয়ার সেন্টার' এর প্রতীকী ফলক উম্মচন করেন।