আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

ঢামেক হাসপাতালের নিয়োগ বাতিল: বঞ্চিতদের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা

০৪ মে, (আমারহেলথ):
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাতিল করা নিয়োগ কার্যকরের দাবিতে ০৩ মে বিকাল ৩.৪০ এ কেন্দ্রীয় শহীদ মিনারে গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দেয়ার চেষ্টা চালিয়েছে বঞ্চিতরা। গত ২৯ এপ্রিল দুপুর থেকে ঢামেক হাসপাতালে নতুন নিয়োগপ্রাপ্ত অর্ধশতাধিক কর্মচারী নিয়োগ বাতিল না করে কার্যকরের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করে। অনশনকালে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না দেয়ায় ০৩ মে বিকালে ৩টা ৪০ মিনিটে নিয়োগ বঞ্চিতরা কাফনের কাপড় এনে তা গায়ে জড়িয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় আশপাশের লোকজন ও পুলিশ আগুন নেভানোর চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। এতে ১৩ জন আহত হয়। এ ঘটনায় অগ্নিদগ্ধদের মধ্যে রিপন, হাবিব, বিপ্লব, রাজিব, দিনা, বিউটি, মো. শরীফ ও মফিজের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনা নিয়ে একটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, নিয়োগ বঞ্চিতরা অনশন এবং শরীরে কেরোসিন ঢেলে আত্মাহুতি দেয়ার চেষ্টা করার ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির একজন নেতা ইন্ধন জুগিয়েছে। এছাড়া ওই নেতা নিয়োগ দেয়ার কথা বলে তাদের কারো কাছ থেকে দুই লাখ আবার কারো কাছ থেকে চার লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন বলে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলে কাদের থাকা অবস্থায় ২০০৯ সালের ৩১শে ডিসেম্বর বিতর্কিত ও আলোচিত এক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১৭৯ জনের জায়গায় ৩য় ও ৪র্থ শ্রেণীর ৩৪৫ জন র্কমচারী নিয়োগ দেন। এদের মধ্যে ৭ জন ছিলেন ৩য় শ্রেণীর। নিয়োগ আদেশে ১৫ দিনের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়। অনশনকারীরা জানান, ১৫ই জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এক মৌখিক আদেশে এই নিয়োগ বাতিল করে দেন। পরবর্তীতে গত ২৯শে এপ্রিল তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব শওকত রশিদ চৌধুরী স্বাক্ষরিত ৪/২০০৫/৭৭৪ নং স্মারক আদেশে নিয়োগ বাতিল করে দেয়া হয়।

এদিকে ০৩ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় বলা হয়েছে, নিয়োগের নতুন প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হচ্ছে। তবে আগের আবেদনকারীদের আবেদন বহাল থাকবে।

তাদের আর নতুন করে আবেদন করতে হবে না।