আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

আগস্টে চালু হচ্ছে মিটফোর্ড হাসপাতালে কার্ডিয়াক সার্জারী বিভাগ

২৬ এপ্রিল, আমার হেলথ: দেশের কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম কার্ডিয়াক সার্জারি বিভাগ  চালু হতে যাচ্ছে। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে এ বিভাগ আগামী কয়েকমাসের মধ্যে চালু হবে। বিভাগটি চালুর জন্য ভবন নির্মাণের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।
হাসপাতাল প্রসাশন সূত্রে জানা গেছে, ২০০৫ সালে বহির্বিভাগ ভবনের তৃতীয় তলায় হৃদরোগ বিভাগ স্থানান্তর করা হয়। একই ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় হৃদরোগ সার্জারী বিভাগ চালু হবে। বিভাগটি পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, বিভাগটিতে একটি হৃদরোগ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচার-পরবর্তী সেবাকেন্দ্র, দুটি অপারেশন থিয়েটার, আটটি কেবিন ও শয্যাসহ মোট ১০৩ টি শয্যা থাকবে।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল জানান, আগামী জুলাইয়ের শেষে ভবনটির নির্মাণকাজ শেষ হবে। আগস্টে জনবল নিয়োগের মাধ্যমে বিভাগের কার্যক্রম চালু করা হবে।