সাতকানিয়ায় উদ্বোধন হল মেজর জেনারেল শাকিলের স্বপ্নের বিডিআর হাসপাতাল |
আমারহেলথ (২৩ নভেম্বর, মঙ্গলবার): চট্টগ্রামের সাতকানিয়াস্থ বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে ২৩ নভেম্বর উদ্বোধন করা হয়েছে বিডিআর বিদ্রোহে নিহত তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদের স্বপ্নের বিডিআর হাসপাতাল। ২৩ নভেম্বর মঙ্গলবার সকালে ৫০ শয্যার এই অত্যাধুনিক হাসপাতালটি ফিতা কেটে উদ্বোধন করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। এ উপলক্ষে বাইতুল ইজ্জতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বান্দরবান রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল আতিকুর রহমান, কর্নেল আশরাফ, বিডিআর ডাইরেক্টর (অপারেশন এন্ড ট্রেনিং) কর্নেল হাফিজুর রহমান, বাইতুল ইজ্জত রাইফেল্স ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট কর্নেল কামরুজ্জামান, হাসপাতালে কমান্ডিং অফিসার লে. কর্নেল মহসিন, কনসালটেন্ট আব্দুল মালেক আজমি ও আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিডিআর বিদ্রোহে সস্ত্রীক নিহত মেজর জেনারেল শাকিল আহমদ বিডিআরের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর সাতকানিয়ায় অবস্থিত বাইতুল ইজ্জত রাইফেলস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসেছিলেন। তখন রাইফেলস ট্রেনিং সেন্টারে কর্মরত কর্মকর্তা ও বিডিআর সৈনিক এবং আশপাশের এলাকার মানুষের চিকিৎসার জন্য কাছে কোন আধুনিক হাসপাতাল না থাকায় তিনি এখানে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেন। ওই অনুষ্ঠানে তিনি সেখানে একটি হাসপাতাল প্রতিষ্ঠার কথা জানিয়েছিলেন। ফলে তার একান্ত প্রচেষ্টায় ২০০৭ সালের শেষের দিকে শুরু হয়েছিল এই বিডিআর হাসপাতালের নির্মাণ কাজ। আধুনিক হাসপাতালটি নির্মাণের মূল পরিকল্পনাকারী বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদ দেখে যেতে পারেননি তার স্বপ্নের বাস্তবায়ন। মেজর জেনারেল শাকিল আহমদ যাদের কথা সবচেয়ে বেশি চিন্তা করে এই হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন তাদের হাতেই নির্মমভাবে খুন হন। গত বছরের ২৫ ফেব্রুয়ারি পিলখানার দরবার হলে বিপথগামী বিডিআর সদস্যদের বিদ্রোহে তিনি সস্ত্রীক নিহত হন। গত বছরের এপ্রিলে হাসপাতালটি উদ্বোধন করার কথা থাকলেও বিডিআর বিদ্রোহের কারণে দীর্ঘ দিন এর নির্মাণ কাজ বন্ধ ছিল। |

Copyright © 2009 |Amarhealth|