১৬ জুন, নাজিবুল্লাহ: চিকিৎসকের অবহেলায় রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৬ জুন সকাল থেকে যশোর জেনারেল হাসপাতালের ইনডোর ও আউটডোরে রোগী দেখা বন্ধ রয়েছে। ১৫ জুন মধ্যরাতে যশোর জেনারেল হাসপাতালের বিনোদন কক্ষে বিশ্বকাপ ফুটবল খেলা চলার সময় হাসপাতালে ভর্তিকৃত শেখহাটি এলাকার স্বাতী বেগম নামে এক রোগী মারা যায়। তবে রোগীর স্বজনরা অভিযোগ করেছে এ সময় বারবার অনুরোধ করা সত্ত্বেও খেলা দেখার জন্য কোন ডাক্তার রোগীর কাছে আসেনি। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন হাসপাতালে ডাক্তারদের বিনোদন কক্ষটিতে ভাংচুর চালালে এতে একজন ডাক্তার আহত হয়। এর সূত্র ধরে সকাল থেকে জেনারেল হাসপাতালে ইনডোর ও আউটডোরে রোগী দেখা বন্ধ করে দেন হাসপাতালের চিকিৎসকেরা। পরে জেলা প্রশাসক নূরুল আমিন হাসপাতাল পরিদর্শন করে ডাক্তারদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করলেও হাসপাতালে এখনও অচলাবস্থা বিরাজ করছে। সূত্র : আমাদের সময়
|