হাসপাতালে জরুরি চিকিৎসা আরো জোরদার করার তাগিদ |
আমারহেলথ (৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার): দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে জরুরি চিকিৎসা ব্যবস্থা আরো কার্যকর করার তাগিদ দিয়েছেন চিকিৎসা-বিশেষজ্ঞরা। এ বিষয়ে উচ্চ পর্যায়ের গবেষণা ও দক্ষতা অর্জন কোর্স চালুর ওপরও গুরুত্ব দেন তাঁরা। ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন মিলনায়তনে 'জরুরি চিকিৎসা'-সংক্রান্ত চার দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব ইমার্জেন্সি মেডিসিন (বিএসইএম) এ সম্মেলন ও কর্মশালার আয়োজন করে। এ অনুষ্ঠানে তিন শতাধিক দেশি-বিদেশি চিকিৎসক ও গবেষক অংশ নেন বলে আয়োজকদের সূত্রে জানা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএসইএমের সভাপতি অধ্যাপক ডা. হুমায়ুন কবীর চৌধুরী। বক্তব্য দেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মির্জা আজহারুল ইসলাম, বিএসইএমের মহাসচিব ডা. রাগিব মনজুর, একই সংগঠনের যুক্তরাজ্যের সমন্বয়ক ডা. মো. ওয়াহিদ উল আলম ও অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব মো. হুমায়ূন কবীর, স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. রশিদ ই মাহবুব, বিএমএর মহাসচিব মো. শাখাওয়াত হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনালসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উন্নত বিশ্বে জরুরি চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হলেও বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে। |

Copyright © 2009 |Amarhealth|