আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

আইসিডিডিআরবি ৫০ বছর পূর্তি
খাওয়ার স্যালাইন আবিষ্কার দেশের সম্মান বাড়িয়েছে

 নাজিবুল্লাহ: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) খাওয়ার স্যালাইন (ওআরএস) আবিষ্কার করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান বাড়িয়েছে। আইসিডিডিআরবিতে কর্মরত বাংলাদেশী বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, তাঁদের অনেকের প্রতিভাই বিশ্বমানের। ২০ জুন, রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আইসিডিডিআরবির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি সম্পর্কে আলোচকরা এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ ডাকটিকিট অবমুক্ত করেন। অর্থমন্ত্রী বলেন, আইসিডিডিআরবিকে নিয়ে তিনি গর্বিত।

অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, আইসিডিডিআরবিকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে সরকারের অনেক অবদান রয়েছে। তিনি গবেষণা ও চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে আইসিডিডিআরবির অভিজ্ঞতা মেডিকেল কলেজ ও সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিনিময় করার কথা বলেন।

অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ১৯৭৮ সালে এক অধ্যাদেশের মাধ্যমে আইসিডিডিআরবি প্রতিষ্ঠিত হয়। ওই অধ্যাদেশ অনুযায়ী আন্তর্জাতিক ও দেশীয় বিজ্ঞানীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাওয়া উচিত। প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সুনাম অক্ষুণ্ন রাখার জন্য বর্তমান প্রশাসনকে এসব বিষয়ে মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক আলেহান্দ্রো ক্রেভিওটো, আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য, চারজন সাবেক নির্বাহী পরিচালক, বিজ্ঞানী ও গবেষক ছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই স্বাস্থ্য গবেষণা কেন্দ্রটি ১৯৬০ সালে মহাখালীতে পাক-সিয়াটো কলেরা গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।