০৮জুলাই, আমারহেলথ: রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এখন আধুনিক চিকিৎসা পদ্ধতি রেডিও ফ্রিকোয়েন্সি থেরাপি (আরএফটি) দেয়া হচ্ছে। এর মাধ্যমে রোগীরা সুস্থ হচ্ছেন। অনেকেই সহজে রোগ থেকে মুক্তি পাচ্ছেন এ থেরাপি গ্রহণ করে।
বুধবার দুপুরে পান্থপথে অবস্থিত এ হসপিটালে এক অনুষ্ঠানে বরেণ্য ক্যান্সার বিশেষজ্ঞরা এ থেরাপির বিভিন্ন দিক তুলে ধরেন।
বিশেষজ্ঞরা বলেছেন, রেডিও ফ্রিকোয়েন্সি থেরাপি পদ্ধতিটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এবং ক্যান্সার চিকিৎসার বর্তমানে সবচেয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে এই আরএফটি। এটি লিভার, ফুসফুস, ব্রেস্ট, কিডনি ও হাড়ের ক্যান্সার রোধে ব্যবহার হয়।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন লিভার বিশেষজ্ঞ অধ্যাপক এ কিউ এম মহসিন, ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক এম এ হাই, লিভার সার্জন বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আলী, বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক মো. রাশিদুল হাসান, কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক এম এ সালাম প্রমূখ।
ভারতে অ্যাপোলো গ্লেনিগলস ক্যান্সার হাসপাতাল উদ্বোধন
০৮জুলাই, আমারহেলথ: ভারতে স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতাল চালু হল। ১০০ শয্যার এ হাসপাতালে সর্বাধুনিক কেমোথেরাপি, রক্তপাতবিহীন সার্জারি, রেডিওথেরাপি, বোনম্যারো ট্রান্সপ্লান্ট, ক্যান্সার পেইন ম্যানেজমেন্ট, পুনর্বাসন ও কাউন্সেলিংসহ ক্যান্সার চিকিৎসার সবরকম ব্যবস্থা আছে।
বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কলকাতার অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতাল আয়োজিত এক পরিচিতিমূলক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
জানাগেছে, বাংলাদেশে এর কোনো শাখা না থাকলেও ঢাকার অ্যাপোলো হাসপাতালের মাধ্যমে উপরোক্ত চিকিৎসাসেবা সমূহ পাওয়া যাবে।
অনুষ্ঠানে অ্যাপোলো গ্লেনিগলস ক্যান্সার হাসপাতালের রেডিও অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. লিটন নাহা বিশ্বাস, ইন্টারন্যাশনাল ইনফরমেশন সেন্টারের পরিচালক গোলাম কবির উপস্থিত ছিলেন।
পপুলার হাসপাতালে প্রথম কিডনী প্রতিস্থাপিত
০৮জুলাই, আমারহেলথ: রাজধানীর পপুলার স্পেশালাইজড হাসপাতালের কিডনি ট্রান্সপ্লান্টেশন সেন্টারে কিডনি প্রতিস্থাপন শুরু হয়েছে।
মঙ্গলবার কুষ্টিয়ার ২৭ বছর বয়সী মো. শফিউর রহমানের দেহে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের(বিএসএমএমইউ)-র ইউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. এস এ খানের নেতৃত্বে একটি চিকিৎসক দল। এই হাসপাতালে এটিই প্রথম কিডনি প্রতিস্থাপন।
ডা. এসএ খান জানান, এখন থেকে তিনি পপুলার কিডনি ট্রান্সপ্লান্টেশন সেন্টারে প্রতি সপ্তাহে ২টি কিডনি প্রতিস্থাপন করার চেষ্টা করবেন। ভবিষ্যতে এ সংখ্যা হবে ৪টি।
তিনি আরো জানান, প্রথম ৫ জন রোগীর কিডনি প্রতিস্থাপনে সার্জনরা ফি নেবেন না। প্রতিটি কিডনি প্রতিস্থাপন হবে বিশ্বমানের। কিডনি প্রতিস্থাপনের জন্য বিদেশে গিয়ে লাখ লাখ টাকা বাড়তি খরচ করার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান জানান, অন্যান্য হাসপাতালের চেয়ে তুলনামূলক কম মূল্যে কিডনি প্রতিস্থাপন করা হবে।
তিনি জানান, কিডনি প্রতিস্থাপনে পপুলার হাসপাতালে খরচ ৫ থেকে ৬ লাখ টাকা। সিঙ্গাপুরে ২৫ লাখ থেকে ৩০ লাখ। থাইল্যান্ডে ২০ থেকে ২৫ লাখ টাকা এবং দেশের অন্য যেকোন হাসপাতালে ৮ থেকে ১০ লাখ টাকা।
চিকিৎসক দলে অন্যান্যের মধ্যে ছিলেন অধ্যাপক ডা. মহিবুর রহমান, অধ্যাপক একেএম আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান ফয়সাল, অধ্যাপক ফজুলর রহমান, ডা. হুমায়ুন কবির, ডা. এনআই ভূঁইয়া, ডা. তৌহিদ আলম, ডা. আবু বকর সিদ্দিক প্রমূখ। |