
আমারহেলথ (১৯ মার্চ, শনিবার): অর্থোপ্যাডিকের যাবতীয় প্রতিস্থাপন ও উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের টেকনিক্যাল সাপোর্ট বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দেশে বসেই রোগীরা উন্নত বিশ্বের চিকিৎসা পাবেন।
শনিবার বিএসএমএমইউ'র মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ'র পরিচালক ব্রি. জেনারেল আব্দুল মজিদ ভূইয়া, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. তান হুই চেয় এন্ড্রু, প্রফেসর বোন কেয়ং তায়, বিএসএমএমইউ'র অর্থোপ্যাডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএসএমএমইউ'র সাবেক উপাচার্য প্রফেসর নজরুল ইসলামের স্ত্রীর দেহে কৃত্রিম হাটু প্রতিস্থাপন করা হয়। এতে অংশ নেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ পর্যন্ত ১২ জনের দেহে কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে। এরা সবাই ভাল আছেন। মাত্র ২ লাখ টাকায় দেশে হাঁটু প্রতিস্থাপন সম্ভব। কিন্তু সিঙ্গাপুরে এ চিকিৎসা নিতে হলে ব্যয় করতে হবে প্রায় ২২ হাজার সিঙ্গাপুরী ডলার।
সম্মেলনে জানানো হয়, এ চুক্তির মাধমে বঙ্গবন্ধু মেডিকেল থেকে চিকিৎসকরা সিঙ্গাপুরে উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন। এছাড়া সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশে এসে রোগীর অস্ত্রপচার করবেন। বর্তমানে বিএসএমএমইউ'র অর্থোপ্যাডিক বিভাগে ১৬ জন অর্থোপ্যাডিক সার্জন রয়েছেন। এদের মধ্যে তিনজন হাঁটু প্রতিস্থাপন করে থাকেন। |