আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

বরগুনায় ডাক্তারদের ১ ঘন্টা কর্মবিরতি

আমার হেলথ (১০ আগস্ট, মঙ্গলবার): বরগুনা জেনারেল হাসপাতালের এক ডাক্তারকে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে জেলার সকল উপজেলার চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ১ ঘন্টা কর্মবিরতি পালন করেছে। ১০ আগস্ট, মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। তারা হামলাকারীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
বরগুনার সিভিল সার্জন ডা. এ এইচ এম জহিরুল ইসলাম কর্মবিরতি পালনের কথা স্বীকার করে জানান, সোমবার সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের জারিকারক আবদুল গাফ্‌ফার মল্লিক জেনারেল হাসপাতালে স্ট্রোক করে মারা যান।
গাফ্‌ফার বিনা চিকিৎসায় মারা গেছে বলে অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেট ইফতেখার আহম্মেদের উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয়ের নাজির আলী আকবর, জুনিয়র নাজির মনির হোসেন ও এমএলএসএস শাহিন হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. হুমায়ূন খান শাহিনকে লাঞ্ছিত ও মারধর করে। এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করা হয়।