আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

গণমানুষের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ফয়সাল আকবর

স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে বর্তমান সরকার নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ হওয়ায় এখানের অধিকাংশ জনগন সরকারি সেবার উপর নির্ভরশীল । বাংলাদেশ সরকার বিশেষত  জেলা, পৌর, শহরে বিভিন্ন হাসপাতালের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। এ সব হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সর্ববৃহৎ সরকারি হাসপাতাল যা গণমানুষের হাসপাতাল হিসেবে খ্যাত । এখানে সমাজের সকল শ্রেণীর মানুষ সেবা পেয়ে থাকে। ১৯৪৬ সালে  ২৫০ টি শয্যা নিয়ে প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় চিকিৎসাবিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠান।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকার কেন্দ্রস্থলে শহীদ মিনার ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঝে অবস্থিত। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় বর্তমান হাসপাতালের মূল ভবনে। সেই সময় বিশাল এ ভবনের একপাশে ছিল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এবং একাংশে ছিল ছাত্রদের ডরমিটরি। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে স্থাপিত হয় আমেরিকান বেস হাসপাতাল। সে সময়ের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিই আজ বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা দিতে ২৮টি বিভিন্ন বিভাগ এবং হাসপাতালে ৪২টি ওয়ার্ডে ২৩৪ জন ডাক্তার, ১০০ জন ইন্টার্নি ডাক্তার, ৫৬০ জন নার্স ও ১১শ কর্মচারী নিয়োজিত আছেন । ১৭শ' শয্যার এ হাসপাতালে প্রতিদিন প্রায় তিন হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয় । এছাড়া এ হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন গড়ে চার হাজার রোগী চিকিৎসার জন্য এলেও সবার ভাগ্যে চিকিৎসা-পরামর্শও জোটে না। কারণ বহির্বিভাগে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক, নার্স বা কর্মচারী নেই। ১৭শ শয্যার বৃহৎ এ হাসপাতালে রোগীর চাপ নিত্যদিন বেড়েই চলেছে। ইনডোর ও আউটডোর মিলিয়ে বছরে প্রায় ১০ লাখ রোগীর চিকিৎসা হয় এ হাসপাতালে। শয্যা সংখ্যা বাড়লেও হাসপাতালে ভৌত অবকাঠামোগত সুবিধা সেই ১১শ শয্যারই রয়ে গেছে। চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, আয়াসহ জনবল বরাদ্দ রয়েছে কেবলমাত্র ৮শ শয্যার । ঢামেক হাসপাতালে আসা রোগীদের সিংহভাগই ঢাকার বাহিরে বিভিন্ন জেলা, উপজেলা ও প্রত্যন- গ্রামাঞ্চলের বাসিন্দা। মূলত বিশেষজ্ঞ ডাক্তারের অভাব, অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্বল্পতা, যন্ত্রপাতি থাকলেও তা বিকল থাকায় ফলে নিরুপায় হয়ে তারা ঢামেক হাসপাতালে ছুটে আসছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বজলে কাদের। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে শত সীমাবদ্ধতা সত্ত্বেও এ হাসপাতাল জনগনের সেবায় কাজ করে যাচ্ছে । শয্যাসংখ্যা, সেবার মান সব মিলে এটি বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল। গণমানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরনে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবদান অনস্বীকার্য।

এক নজরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

প্রতিষ্ঠা

১৯৪৬ ইংরেজী

ধরন

সরকারি

শয্যাসংখ্যা

১৭০০

টেলিফোন

+৮৮-০২-৮৬২৬৮১২-৬, ৯৫০৫০২৫-২৯, ৯৫০০১২১-৫

অবস্থান

পলাশী , ঢাকা