আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছেই: পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তাগিদ

ফয়সাল আকবর:
তীব্র গরম আর বিশুদ্ধ পানির অভাবে রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ বেড়ে চলছেই। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) প্রতিদিন গড়ে এক হাজার রোগী ভর্তি হচ্ছে। ১১ এপ্রিল আইসিডিডিআরবিতে সন্ধ্যা পর্যন্ত ৭৮০ জন রোগী ভর্তি হয়। এর আগের দিন শনিবার ভর্তি হয়ছিল ৭২৭ জন আর শুক্রবার ভর্তি হয়েছিল এক হাজার তিনজন। রোগী বৃদ্ধি পাওয়ায় আইসিডিডিআরবি কর্তৃপক্ষ তাঁবু টাঙিয়ে রোগীর চিকিৎসা সেবা প্রদান করছে। চিকিৎসকরা বলছেন, একদিকে প্রচণ্ড গরম একইসাথে বিশুদ্ধ পানির সংকটের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজধানী বা রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতি ঘণ্টায় প্রায় ৩৫ জন রোগী আইসিডিডিআরবিতে আসছে। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, রামপুরা, শেওড়াপাড়া, সবুজবাগ, মহাখালী, ডেমরা, যাত্রাবাড়ী থেকে বেশি রোগী আসছে। তা ছাড়া ঢাকার বাইরে মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, সাভার থেকেও রোগী আসছে। এখানে আগত ৪০ শতাংশ রোগী তীব্র ডায়রিয়ায় ভুগছে। যত রোগী আসছে তাদের ৪৫ শতাংশের বয়স পাঁচ বছরের নিচে।

হাসপাতালের লঙ্গার স্টে ইউনিটের প্রধান শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশে বিশেষ করে মার্চ-মে এ সময়ে ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা দেয়। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তিনি আরো বলেন, সব অবস্থায় বিশুদ্ধ পানি ব্যবহার করলে এবং পানি ফুটিয়ে বা পানি বিশুদ্ধকরণ বড়ি ব্যবহারের মাধ্যমে এ রোগের প্রকোপ কমানো যাবে।

এদিকে ১১ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী মহাখালীর ডায়রিয়া হাসপাতালে সরেজমিনে ডায়রিয়া পরিস্থিতি পরিদর্শন শেষে স্বল্পতম সময়ের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে বলে জানান। স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, নগরবাসীর চিকিৎসার সুবিধার্থে কমলাপুরে ডায়রিয়া হাসপাতালের একটি শাখা স্থাপনের বিষয়কে সক্রিয়ভাবে বিবেচনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।