আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

সম্মিলিত সামরিক হাসপাতালকে শিগগির ১১শ’ শয্যায় উন্নীত করা হবে

নাজিবুল্লাহ (২৩ জুলাই, শুক্রবার): সরকার সশস্ত্র বাহিনীর আরো অধিক সংখ্যক সদস্যদের স্বাস্থ্য সেবা প্রদানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের শয্যা সংখ্যা শীঘ্রই ৮শ’ ৫০ থেকে ১১শ’ শয্যায় উন্নীত করবে। রাষ্ট্রপতির সাথে ২২ জুলাই, বৃহসপতিবার বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

সাক্ষাৎকালে সেনাপ্রধান রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও সাধারণ জনগণের চিকিৎসা সেবা প্রদানে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ সংলগ্ন ৫০০ শয্যার এবং সেনানিবাস এলাকায় একটি ১০০ শয্যার সিরাজ-খালেদা জেনারেল হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। তিনি আরো জানান, সম্মিলিত সামরিক হাসপাতালের শয্যা সংখ্যা ২০১২ সালের মধ্যে ৮শ’ ৫০ থেকে ১১শ’তে উন্নীত করা হবে।

সেনাপ্রধান জানান, হাতিরঝিল প্রকল্পের কাজ আগামী বছরে শেষ হবে। তিনি বলেন, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ রক্ষায় সেনাবাহিনীর একটি কনটিনজেন্ট কাজ করে যাচ্ছে। সেনাপ্রধান রাষ্ট্রপতিকে আরো অবহিত করেন যে, তিনি জাতিসংঘের আওতায় কঙ্গো ও আইভরিকোস্টে নিয়োজিত বাংলাদেশ শান্তিরী বাহিনীর কার্যক্রম প্রত্যক্ষ করার জন্য ওই এলাকা সফর করবেন। এ ছাড়াও তিনি জাতিসংঘ সদর দফতরে শান্তিরক্ষী বাহিনী সম্পর্কে জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করবেন। তিনি পেন্টাগনে মার্কিন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরা মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী মোতায়েনকারী দেশ। সেনাপ্রধান ২৪ জুলাই ঢাকা ত্যাগ করবেন এবং ১৪ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির এবং প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা উপস্থিত ছিলেন।সূত্র : বাসস