আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

ঢামেক হাসপাতালকে সিসিটিভির আওতায় আনা হচ্ছে

স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শীঘ্রই সিসিটিভি ক্যামেরা চালু হতে যাচ্ছে। মুলত কাজে ফাঁকি রোধে, চুরি ও ঘুষগ্রহণ বন্ধ এবং প্রতারকদের শনাক্ত করতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে সিসিটিভির আওতায় আনা হচ্ছে। ২৩ লাখ টাকা ব্যয়ে সংশ্লিষ্ট হাসপাতালের তালিকাভুক্ত ঠিকাদার মেসার্স পলাশ এন্টারপ্রাইজ সকল সিসিটিভি সরবরাহ করছে বলে জানা যায়। প্রধান ৪টি গেট, অপারেশন থিয়েটার, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), প্রশাসনিক শাখা, মেডিসিন স্টোর, কিচেন রুমসহ গোটা হাসপাতালের স্পর্শকাতর এলাকাগুলোতে সর্বমোট ৩১টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। ইতোমধ্যে ক্যাবল টানা থেকে শুরু করে ট্রানজিটের মনিটর বসানোসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন হয়েছে। শিগগরই এই প্রক্রিয়া চালু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ বিষয়ে হাসপাতালের প্রশাসন সুত্র জানায়, হাসপাতালের ভেতরে প্রতারক থেকে শুরু করে মাদকসেবী, চোর, স্পেশাল আয়া নামে প্রতারক, দালালসহ অবাঞ্চিত লোকজনের আনাগোনা বেড়ে গেছে ফলশ্রুতিতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তাই সিসিটিভি বসানো হচ্ছে বলে জানান।

রোগীদের হাসপাতাল কর্মচারীরা ঘুষ নেওয়া, প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়া, সঠিকভাবে কাজ না করা এসব অভিযোগের ফলে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু ঘটছে বলেও একাধিক অভিযোগ রয়েছে। এসকল সমস্যা উত্তরণে এবং ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতেই প্রধান ও অন্যতম বিভাগগুলোতে সিসিটিভি বসানো হচ্ছে।
সুত্র - আমাদের সময়