২৯মে, আমারহেলথ: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে অবশেষে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক গত ২৯ মে সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে আইসিইউ উদ্ধোধন করেন । যদিও জনবল সংকট, পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব প্রভৃতি কারণে ১০ বেডের আইসিইউ হলেও তা চালু করা হচ্ছে মাত্র ৬ বেড দিয়ে।
দুপুরে বার্ন ইউনিটের আইসিইউ উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী আইসিইউতে থাকা অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক, বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন, অধ্যাপক শহীদুল বারী, বার্ন ইউনিটের অ্যানেসথেসিওলজি ও আইসিইউ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর কবির।
স্বাস্থ্যমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ঢাকা মেড়িকেল কলেজর বার্ণ ইউনিট সরকারীভাবে দেশের আগুণে পুড়ে যাওয়া মানুষের জন্য প্রধান সম্বল। তাই সরকার এ বিষয়ে ক্রমান্বয়ে সেবা সুবিধার পরিমাণ বৃদ্ধি করবে।
বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার সামান্ত লাল সেন আমার হেলথ কে জানান গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক আত্মীয় আগুনে পোড়া অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিত্সা নিতে যান। বার্ন ইউনিটে আইসিইউ না থাকায় তাকে সেখান থেকে সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তখন প্রধানমন্ত্রী নির্দেশ দেন খুব শিগগিরই আইসিইউ চালু করার। আর এ কারণে ৬ বেড দিয়ে চালু হচ্ছে বার্ন ইউনিটের আইসিইউ।
তিনি আরো জানান আইসিইউর জন্য ডেপুটেশনে ৫ নার্স এবং প্রেষণে ৫ চিকিত্সক দেয়া হয়েছে। এর মধ্যে ১০ জন মেডিকেল অফিসার, ৪ জন জুনিয়র কনসালটেম্লট এবং ২৮ জন নার্স দেয়ার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
বার্ণ ইউনিট সুত্রে জানা যায় এর আগে ২০০৫ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ২৫ অক্টোবর এবং ২০০৬ সালের ১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আইসিইউ চালু করলেও তা জনবলের অভাবে বন্ধ হয়ে যায়। ফলে সঙ্কটাপন্ন রোগীদের জন্য কিছু করা সম্ভব হয়নি। সব ধরনের লজিস্টিক সাপোর্ট থাকার পরও ইউনিটটি কেবল লোকবলের অভাবে তালাবদ্ধ অবস্থায় পড়েছিল। বার্ন ইউনিটে আইসিইউ না থাকার কারণে গুরুতর বার্ন রোগীদের জন্য ১২ শয্যাবিশিষ্ট হাই-ডিপেন্ডেন্সি ওয়ার্ড (এইচডিইউ) চালু করা হয়। শরীরের শতকরা ৪০ ভাগের উপরে পুড়ে গেলে রোগীদের এইচডিইউ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। |