আমারহেলথ (০৯ আগস্ট, সোমবার): নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)-র গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হয়েছে।
সোমবার দুপুরে সি ব্লকের নিচতলায় বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের পরিচালকের কক্ষে সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুল মজিদ ভূঁইয়া, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ,
কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের ১৬টি গুরুত্বপূর্ণ স্থাপনায় এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সিসিটিভির পাশাপাশি ওয়াকিটকি সেটেরও ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের বহুমুখী উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই প্রথমবারের মতো বিএসএমএমইউতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপিত হল।
|