আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

অবশেষে ঢামেকে হাসপাতালের বিতর্কিত নিয়োগ বাতিল

০৩ মে, আমারহেলথ ডেস্ক:
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে চরম অনিয়ম ও দুর্নীতি হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৯ এপ্রিল নিয়োগটি বাতিল করে দেয়। এছাড়া বিতর্কিত এ নিয়োগ বাণিজ্যে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানায় সংশ্লিষ্ট কতৃপক্ষ।

গত ০৬ এপ্রিল আমারহেলথ এ ‘ঢামেক হাসপাতালে ১৭১টি পদে নিয়োগ পেয়েছে সাড়ে তিন শতাধিক: নিয়োগকৃতদের কাজের দাবি’ শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়। পরবর্তীতে বিভিন্ন দৈনিক পত্রিকায় এ সম্পর্কে আরো বিন্তারিত রিপোর্ট প্রকাশিত হয়। ফলশ্রুতিতে মন্ত্রনালয় তদন্ত কমিটির সুপারিশে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায়  এই নিয়োগ বাতিল করে।

উল্লেখ্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এমএলএসএস, সুইপার, সিকিউরিটি গার্ড ও কুক এর ১৭১ পদের বিপরীতে ৩ গুণ বেশি নিয়োগ দেয়া হয় । স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলেও ঢাকা মেডিকেলের তত্কালীন সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের মন্ত্রীর নির্দেশের তোয়াক্কা না করেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যায়। ফলে এ নিয়োগ নিয়ে শুরু থেকেই দেখা দেয় জটিলতা।

কর্মচারী নিয়োগের অনিয়ম সংক্রান্ত অভিযোগের তদন্তের জন্য গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই নিয়োগ বাতিল হয়।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন বলেন, ঢাকা মেডিক্যালের নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় তদন্ত কমিটির সুপারিশেই মন্ত্রণালয় থেকে নিয়োগ বাতিল করা হয়। তবে এই নিয়োগের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রে জানা যায়, তৃতীয় ও চতুর্থ শ্রেনীর এ নিয়োগ বাণিজ্যে হাসপাতালের ৪ কর্মকর্তা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এছাড়া হাসপাতালের কর্মচারী সমিতির কয়েকজন নেতাও নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন।