আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

আরো ৯ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত : মোট সংখ্যা ১০৭

আমার হেলথ (২৪আগস্ট, মঙ্গলবার): সিরাজগঞ্জ ও পাবনায় আরো ৯ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে দুই জেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা ১০৭-এ দাঁড়িয়েছে। ২৪ আগস্ট, মঙ্গলবার অ্যানথ্রাক্স আক্রান্ত ওই ৯ জনকে শনাক্ত করা হয়। এরমধ্যে সিরাজগঞ্জের কামারখন্দের ধোপাকান্দি গ্রামে ৬ জন ও বেলকুচির আদাচাকী গ্রামে ১ জন এবং পাবনার সাঁথিয়ার বড় পাথাইল গ্রামের স্বপ্না (৮) ও ছোট পাথাইল গ্রামের শাহীনুর আলম (৩৫)কে নুতন করে শনাক্ত করা হয়েছে। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, এদিকে ঢাকা রোগ ও রোগতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর মাহমুদুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার অ্যানথ্রাক্স আক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, অ্যানথ্রাক্স রোগ কোন ছোঁয়াছে রোগ নয়। এই রোগ শরীরের ভেতরে না হয়ে শুধু শরীরের চামড়াতে হয়ে থাকে। যথাযথ চিকিৎসা দেওয়া হলে শতভাগ নিরাময় করা সম্ভব।

প্রফেসর মাহমুদুর রহমান বলেন, প্রাণী থেকেই এই রোগ সংক্রামিত হয়ে থাকে কাজেই এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সকালে বিশেষজ্ঞ দল উপজেলার আদাচাকী এলাকায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীদের পরীক্ষার পর চিকিৎসা সেবা প্রদান করেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন ঢাকা রোগ ও রোগতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. সুবোধ কুমার কুণ্ডু, ডা. হাসান আমিন, ডা. সেলিনা খাতুন, ডা. অপূর্ব চক্রবর্তী, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম তালুকদার, জেলা স্যানেটারি ইন্সপেক্টর রাম চন্দ্র সাহাসহ স্বাস্থ্য ও প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সাঁথিয়ার বড় পাথাইল গ্রামের স্বপ্না (৮) ও ছোট পাথাইল গ্রামের শাহীনুর আলম (৩৫) কে নুতন করে শনাক্ত করা হয়েছে।