আপনার স্বাস্থ্য, তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য-সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য অনলাইন হেলথ নিউজ পোর্টাল আমারহেলথ

যমুনার চরে এমিরাত ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতালের চিকিৎসাসেবা

ফয়সাল আকবর: সিরাজগন্জ জেলার কাওয়াকোলা ইউনিয়নের যমুনা নদীর দোগাছী চরে এমিরাত ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতাল প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করছে। গত ২০ জানুয়ারি থেকে এ হাসপাতাল দন্ত ও চক্ষু চিকিৎসাসহ সাধারন মানুষকে সেবা প্রদান করে যাচ্ছে। এই ভাসমান হাসপাতালে গড়ে প্রতিদিন প্রায় তিন থেকে চারশত রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। উল্লেখ্য সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ২০০৮ সালে এমিরাত ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। এ হাসপাতাল ফরিদপুর, গাইবান্ধাসহ কয়েকটি জেলার চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সুবিধা প্রদান করে থাকে। গত ২০ জানুয়ারি সিরাজগঞ্জর দোগাছীর চরে এসে চিকিৎসা কার্যক্রম শুরু করে বিপুলভাবে প্রশংসিত হয়েছে। ৮ শয্যার জরুরি বিভাগসহ আলাদা চক্ষু ও দন্ত বিভাগ এর মাধ্যমে গত এক মাসে প্রায় দশ হাজার রোগীকে সেবা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এই হাসপাতালটি সিরাজগঞ্জের চরাঞ্চলের মানুষের চিকিৎসা সুবিধা দেয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করেছে।

এমিরাত ফ্রেন্ডশিপ হাসপাতালের কমান্ডিং অফিসার আব্দুল কুদ্দুস জানান, ঢাকার জনকল্যাণমুখী বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এসোসিয়েশন-এর নির্বাহী পরিচালক বার্নখানের নেতৃত্বে এই সংস্থার কর্মকর্তারা উদ্যোগী হয়ে দেশের স্বাস্থ্যসেবায় বঞ্চিত চরাঞ্চলবাসী ও অবহেলিত জনগোষ্ঠীর জন্য এমিরাত এয়ার লাইনস এর আর্থিক সহযোগিতায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এমিরাত ফ্রেন্ডশিপ হাসপাতালটি ২০০৮ সালে তৈরি করেন। ২০০৮ সালের ২১ নভেম্বর থেকে এই হাসপাতালটি চরাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা প্রদানে কাজ করে যাচ্ছে। নেদারল্যান্ডের ডেন্টাল সার্জন ডা. ওলফ্রেড এর সহযোগিতায় এই হাসপাতালে বিদেশী অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করে ডেন্টাল বিভাগটি সজ্জিত করা হয়েছে। একই সঙ্গে কম্পিউটারাইজড চক্ষু চিকিৎসা ইউনিট চালু আছে। এছাড়াও সাধারণ রোগীদের চিকিৎসার বিভাগও গড়ে তোলা হয়েছে।