শরীরে কোন রোগ হলে তার উপসর্গ অনেক সময় নখে প্রকাশ প্রায়। ব্যাপারটি একটু শুনতে অবাক লাগতে পারে। মূলত এটিই সত্য কথা। শরীরের ভেতরের রোগের প্রতিফলন বা উপসর্গ নখে দেখা যায় বলে চিকিৎসকদের রোগ নির্ণয় করতেও বেশ সুবিধা হয়।
০ রক্তশূন্যতা বা এ্যানিমিয়া হলে নখ ফ্যাকাশে হয়ে যায়। নখ চামচের মতো আকৃতি হয়ে নিচু হয়ে যেতে পারে। এমনকি ক্ষয় হয়ে ভেঙ্গে যায়।
০ শরীরে বিলিরুবিনের মাত্রা বেশি হলে বা জন্ডিস হলে নখ হলুদ হয়ে যেতে পারে।
০ কোন কারণে রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে নখ নীল হতে পারে। একে সায়ানোসিস বলা হয়ে থাকে।
০ নখের উপরিভাগ অনেক সময় গোলাকার আকার ধারণ করে। একে আমরা ক্লাবিং বলি। ফুসফুস, হার্ট, লিভার ও অন্ত্রের কিছু বিশেষ অসুখে ক্লাবিং হয়ে থাকে।
০ নখের নিচে অনেক সময় সরু একচিলতে রক্তপাত দেখা যেতে পারে। হার্টের একটি রোগের উপসর্গ এই স্পিল্টার হেমোরেজ।
০ কিডনির কিছু রোগের উপসর্গ হিসেবে নখের ওপর সাদা সাদা দাগ হতে পারে।
০ কিছু অসুখে নখে খাঁজ তৈরি হতে পারে ও নখ ভেঙ্গে যেতে পারে। নখের প্রতি যত্ন নিন। নখের কোন পরিবর্তন লক্ষ করলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন।
ডা. ওয়ানাইজা
সহকারী অধ্যাপিকা
চেম্বার : জেনারেল মেডিক্যাল হাসপাতাল (প্রা.) লি.। |