আমারহেলথ ডেস্ক: তরুণদের চেয়ে পঞ্চাশোর্ধ্ব মানুষের ক্ষেত্রে এইডস শেষ পর্যায়ে ধরা পড়ে বলে ব্রিটিশ এক গবেষণায় জানা গেছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার সংক্রমণ প্রতিরোধ কেন্দ্র লন্ডন পরিচালিত ওই গবেষণায় বলা হয়েছে, পঞ্চাশোর্ধ্বরা এইচআইভিতে আক্রান্ত হওয়ার বিষয়টি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার এক বছরের মধ্যেই মারা যান। যার হার তরুণদের চেয়ে দ্বিগুণেরও বেশি। এর কারণ তারা রোগটিতে আক্রান্ত কিনা তা অনেক দেরিতে জানতে পারেন।।
জার্নাল ‘এইডস’ এ প্রকাশিত গবেষণায় গবেষক ডা. ভ্যালেরি ডেলপেচ বলেন, ‘আমরা এমন অনেককে পেয়েছি যারা ভাবতেন তারা এই ঝুঁকিতে নেই, আর সেকারণে কখনো পরীক্ষার প্রয়োজন বোধ করেননি।’
তিনি আরো জানান, ব্রিটিশদের মধ্যে এইচআইভিতে আক্রান্তের সংখ্যা এক দশকে প্রায় তিনগুণ হয়েছে। ২০০৭ সালে এ সংখ্যা ৫৫ হাজারেও বেশি ছিল।
তবে এ হার অনেক কম উল্লেখ করে ডেলপেচ বলেন, যুক্তরাজ্যে প্রতি ১ হাজারে একজনেরও কম মানুষ এইচআইভি আক্রান্ত।
রয়টার্স অবলম্বনে জাফর সাদেক শিবলী ।
|