আমারহেলথ ( ০৩ অগাস্ট, মঙ্গলবার): বাংলাদেশে মার্কিন সাহায্যে বড় ধরনের পুনর্বিন্যাস ঘটছে। জঙ্গি দমনে সহায়তা কমিয়ে বাড়ানো হচ্ছে স্বাস্থ্য ও কৃষি খাতে। একই সঙ্গে ২০১০-২০১১ অর্থবছরে বাংলাদেশের জন্য ২৩ শতাংশ অর্থ বেশি করে চাওয়া হয়েছে। চলতি আগস্ট মাসে এই প্রস্তাব অনুমোদন হতে পারে। ইউএসএইড সূত্রে জানা গেছে, বিগত পাঁচ বছরে বাংলাদেশে মার্কিন সহায়তা দ্বিগুন হয়েছে। ২০০৪ অর্থবছরে বাংলাদেশে তাদের সাহায্যের পরিমাণ ছিল ৯ কোটি ২১ লাখ ডলার। ২০০৭ অর্থবছরে তা ছিল ৮ কোটি ৫২ লাখ ডলার। আর ২০১০-২০১১ অর্থবছরে তা ২০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। আগামী অর্থবছরের জন্য মার্কিন কংগ্রেসে বাংলাদেশের জন্য যে সাহায্য প্রস্তাব করা হয়েছে তাতে দেখা গেছে, চলতি অর্থবছরের তুলনায় উন্নয়ন সাহায্য বাড়ানো হচ্ছে ১ কোটি ৫৭ লাখ। এ ব্যাপারে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি আফতাব উল ইসলাম বলেছেন, পরিবর্তিত গণতান্ত্রিক পরিস্থিতি অতিরিক্ত সাহায্য পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, বাংলাদেশ বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও নিরাপদ নিশ্চিত করা সরকারের একার পক্ষে দুরূহ কাজ। সে দিক বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র এ খাতগুলো সহায়তা বৃদ্ধি করছে বলে তিনি মনে করেন। আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে সহায়তার ওপর অধিক গুরুত্বারোপ করা হয়েছে। চলতি অর্থবছরে দুটি উপখাতে বরাদ্দ আছে প্রায় সাড়ে ৭ কোটি ডলার। আগামী অর্থবছরে ১০ কোটি ডলারের বেশি বরাদ্দ চেয়েছে ইউএসএআইডি। মূলত মাতৃস্বাস্থ্য ও শিশু মৃত্যুর হার কমাতে ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্পে এই অর্থ ব্যয়। জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমেও ব্যবহার হবে মার্কিন সাহায্যের একটা বড় অংশ। এসব কাজে সরকারি সংস্থাকে নানাভাবে কারিগরি সহায়তা দেবে সেভ দি চিলড্রেন ইউএসএ, আইসিডিডিআরবির মতো বেসরকারি সংগঠনগুলো।
|