দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ চিকিৎসককে একযোগে ঢাকার বাইরে বদলি

আমারহেলথ (১৫মার্চ, বুধবার): গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ (ইউএইচএফপিও) পাঁচ চিকিৎসককে একযোগে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। কর্মস্থলে অনিয়মিত উপস্থিতি, মোবাইলে স্বাস্থ্যসেবা বন্ধ রাখা ও পরিবেশ নোংরা রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিকেলে তাদের বদলির আদেশ জারি করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বশীল সূত্রে জানা যায়, ইউএইচএফপিও ডা. প্রদীপ কুমার সাহাকে লক্ষীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সহকারী সার্জন ডা.সাবরিনা আলম, ডা. মৌসুমী খান ও ডা. মিজানুর রহমানকে চট্টগ্রাম বিভাগে বদলি করে পদায়ন এবং জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. ফেরদৌসি বেগমকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। মাত্র দু'দিন আগে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতায় চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিত থাকার সমালোচনা করার পর পরই চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক বদলি শুরু হলো।
নির্ভরযোগ্য সূত্রে আরো জানা যায়, আগামী এক সপ্তাহের মধ্যে কর্মস্থলে অনুপস্থিত থাকার অপরাধে বেশ কিছুসংখ্যক উপজেলায় চিকিৎসকদের বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি করার প্রক্রিয়া চলছে। যাদের বদলি করা হবে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতার প্রমাণ স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তার হাতে রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক চিকিৎসকের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. খন্দকার মো. শিফায়েতউল্লাহকে কঠোর হওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতেই নিজ জেলার চিকিৎসক বদলির মাধ্যমে তিনি অভিযান শুরু করেছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।