আমারহেলথ (১১ আগস্ট, বুধবার): বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, রমজান মাস জুড়েই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ সময় যাতে বাজার অস্থিতিশীল না হয় এ ব্যাপারে সরকারের নজরদারি রয়েছে।
বুধবার শেরাটন হোটেলে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী এড. কামরুল ইসলাম। ফারুক খান বলেন, সারা দেশে টিসিবির ১ হাজার ৮৫০ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে।
ভুয়া ডিলার সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, সরকার নতুন করে কোন তামাকজাত পণ্যের কারখানা স্থাপনে অনুমতি দেবে না। তামাক চাষ বন্ধ করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে।বর্তমান সরকার জনগণের সরকার। তাই জনগণের মঙ্গলের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন ১৯৫২ ও ১৯৮৮ সালে করা হয়েছিল। পরবর্তীতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তাল মিলিয়ে ২০০৫ সালে তামাক বিরোধী আইন পাস করা হয়। আইনের দুর্বল দিকগুলো সংশোধন করা হবে।
ক্যাবের সভাপতি কাজী ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরিন বেগম, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আল আমিন, ডা. অরূপ রতন চৌধুরী ও সমাজ কর্মী মোস্তফা আলী খান।
|