দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

প্রয়োজনীয় তথ্য প্রদান না করতে পারায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি সংসদীয় কমিটির ক্ষোভ

আমারহেলথ (১৮ অগাস্ট, বুধবার): যথাযথ তথ্য প্রদান না করতে পারায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার সংসদ সচিবালয়ে কমিটির ৩৪তম বৈঠকে মন্ত্রণালয়ের উপর এই ক্ষোভ প্রকাশ করা হয়। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৪টি সিভিল সার্জন কার্যালয়ের ১৯৯৫-৯৯ সালে মেডিকেল এবং সার্জিক্যাল রিকুইজিটস খাতে ব্যয় করা অর্থের উপর বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের বিশেষ নিরীক্ষা প্রতিবেদন (৪র্থ পর্যায়) মার্চ/ ২০০৩ অডিট আপত্তির উপর আলোচনার কথা ছিল। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ তথ্য কমিটির কাছে উত্থাপন না করতে পারায় ক্ষোভ প্রকাশ করা হয়।
কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে আজকের বৈঠকে অধ্যাপক মো. আলী আশরাফ, ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, মো. ইমাজ উদ্দিন প্রামানিক মোহাম্মদ ছায়েদুল হক, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, মেজর জেনারেল আবদুস সালাম এবং নারায়ন চন্দ্র চন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রণালয়ের কাজের প্রতি যত্নশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়। সেই সাথে কমিটির কাছে যথাসময়ে প্রয়োজনীয় তথ্য উপস্থাপনের জন্য ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। বৈঠক থেকে জানানো হয়, নির্ধারিত বিষয়ে আলোচনা না হওয়ায় আগামী ২৪ আগস্ট পর্যন্ত কমিটির বৈঠক মুলতবি করা হয়েছে।