দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

স্বাস্থ্যসেবায় ব্যর্থতার জন্য রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে- মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

আমারহেলথ (২৪ফেব্রুয়ারী, বৃহস্পতিবার): মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান মানুষের মৌলিক অধিকার রক্ষায় দুর্বলতা তুলে ধরে বলেছেন, স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থতার জন্য রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে। তবে তার আগে দেখতে হবে রাষ্ট্র সে পর্যায়ে আছে কি-না।
তিনি বলেন, সংবিধান ও আইনের দিকে তাকালে হতাশ হতে হয়। কেননা, কেউ স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত হলে তার বিরুদ্ধে আইনগত প্রতিকার চাওয়ার ব্যবস্থা নেই। সংবিধানেও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
এ প্রসঙ্গে ড. মিজান আদালতের শরণাপন্ন হবার পরামর্শ দিয়ে আরো বলেন, আইনের পরিবর্তন বা সংশোধনে সংসদের দিকে তাকিয়ে লাভ নেই। মৌলিক অধিকার রক্ষায় আগ্রহীরা জনস্বার্থে মামলা দায়ের করতে পারেন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবন মিলনায়তনে ‘স্বাস্থ্য অধিকার: জনগণের প্রত্যাশা’ শীর্ষক জাতীয় সম্মেলনের প্রথম সেশনে সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলা এবং সেবা গ্রহণেচ্ছুদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ তুলে বলেন, আমরা গণতন্ত্র-মানবাধিকারের কথা বলি। এমডিজি’র (সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা) কথা বলি। অথচ, এদেশে সেবা নিতে যাওয়া প্রসূতি মাকে নার্স চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটছে। চিকিৎসকরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে ড. মিজানুর দেশের সকল সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে এক মাস গ্রামে গিয়ে কাজ করার ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এম এ মান্নান, কমিউনিটি ক্লিনিক প্রকল্প পরিচালক ডা. মাখদুমা নার্গিস, স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই- মাহবুব এবং স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরিদা আখতার।