
আমারহেলথ (১৪ ডিসেম্বর, মঙ্গলবার): বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৩৬ জন চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
১৪ ডিসেম্বর বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল আরসালানের দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষে এ রায় দেয়।
এছাড়া আদালত চিকিৎসক নিয়োগের ওই বিজ্ঞপ্তি ও যে বিধির আলোকে নিয়োগ দেওয়া হয়েছিলো তাও অবৈধ ঘোষণা করে।
রায়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ব্যারিস্টার তানজিব-উল আলম বলেন, "হাইকোর্ট ২৩৬ চিকিৎসকের নিয়োগ বাতিল ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
২০০৫ সালের ১৮ ডিসেম্বর ওই বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই বছরের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারির মধ্যে এসব নিয়োগ সম্পন্ন হয়।
রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, "১৯৯৮ সালের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সুনির্দিষ্ট পদের বিপরীতে চিকিৎসকদের নিয়োগ দিতে হবে। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছু সংখ্যক চিকিৎসক নিয়োগের কথা বলা হয়েছিলো।"
শুনানিতে তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় আইনের অধীনে ২০০০ সালে একটি বিধিমালা প্রণয়ন করা হয়। এর
৫ (ঙ) বিধিতে বলা আছে, "জরুরি প্রয়োজনে নিয়োগ দেওয়া যাবে।"
মাহবুব শফিক বলেন, "এই বিধিটি বিশ্ববিদ্যালয়ের আইন পরিপন্থী। কারণ, আইন অনুযায়ী সুনির্দিষ্ট পদ ছাড়া নিয়োগ দেওয়া যায় না।" |