
আমারহেলথ (০৬ জানুয়ারী, বৃহস্পতিবার): স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, আগামী এক-দেড় বছরের মধ্যে আমরা এমন একটা জায়গায় পৌছাবো, যাকে যেখানে পাঠানো হবে সেখানেই তাকে চাকরি করতে হবে। তা না হলে চিকিৎসকদের চাকরি ছেড়ে দিতে হবে।
তিনি আরও বলেন, সরকারি কাজে যোগদান করে কাজ করবেন না এমনটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
৬ জানুয়ারী স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই ভবনে ১৯তম জাতীয় টিকা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক পাঠানোর ব্যাপারে সরকারের দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আছি। এ অবস্থার পরিবর্তন করতে হলে আমাদের কাজ না করার যে অভ্যাস তা পরিবর্তন করে নতুনভাবে কাজে যোগ দিতে হবে।
দেশের পোলিও পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, গত ২০০৬ সালের ২২ নভেম্বরের পর বাংলাদেশে আর কোনো পোলিও রোগী পাওয়া যায়নি। কিন্তু প্রতিবেশী দেশ ভারত যেহেতু পোলিওমুক্ত হতে পারেনি তাই বাংলাদেশও পোলিও ঝুঁকিতে আছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় টিকা দিবসের উদ্বোধন করেন।
৮ জানুয়ারি জাতীয় টিকা দিবসের প্রথম রাউন্ডে পাঁচ বছরের কম বয়সী দুইকোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। এছাড়া এদিন এক বছর থেকে পাঁচ বছরের কম বয়সি প্রায় দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়া ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডে পোলিও টিকার পাশাপাশি দুই বছর থেকে পাঁচ বছরের কম বয়সি শিশুদের কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মজিবর রহমান ফকির, জাতীয় অধ্যাপক ডা এম আর খান প্রমুখ।
|