দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

গ্রামাঞ্চলের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ দেয়া হবে:স্বাস্থ্যমন্ত্রী

০৮ জুন, আমারহেলথ:
চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ও গ্রামাঞ্চলের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে উপজেলা হাসপাতাল ও গ্রামাঞ্চলের সেবা কেন্দ্রেগুলোতে বেসরকারি চিকিৎসকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার চিন্তাভাবনা করছে সরকার ০৮ জুন  মঙ্গলবার স্বাস্থ্য সেবার মানোন্নয়ন নিয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্স এসোসিয়েশনের নবনির্বাচিত প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এ কথা জানান। বৈঠকে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ বেসরকারি চিকিৎসকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের স্বাস্থ্য সেবা নিয়ে সরকারি উদ্যোগ এখনো স্বয়ংসম্পুর্ন নয়। এছাড়া সরকারি চিকিৎসক সংকটের কারণে গ্রামাঞ্চলে স্বাস্থ্য সেবার মান এখন পর্যন্ত উন্নত হয়নি। এজন্য সরকার গ্রামাঞ্চলে বেসরকারি চিকিৎসকদের অস্থায়ীভিত্তিতে নিয়োগের কথা ভাবছে।

তিনি বেসরকারি চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে বলেন, বেসরকারি হজ্ব মেডিকেল টিমসহ আন্তর্জাতিক মিশনে বেসরকারি চিকিৎসকদের অন্তর্ভুক্তি এবং বেসরকারি চিকিৎসকদের ড্রাগ লাইসেন্স প্রদানের প্রস্তাব ভেবে দেখা হবে। এছাড়া বেসরকারি চিকিৎসকদের মানোন্নয়নে বিদেশে উন্নত শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণে সহায়তার কথা জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্স এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. মনিরুজ্জামান ভূঁইয়া, মহাসচিব ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী এবং বিএমএ এর যুগ্ন মহাসচিব ডা. এম আব্দুল আজিজ প্রমুখ।