দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ

আমারহেলথ (১৫মার্চ, বুধবার): স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের উপ-পরিচালক আবুল হাশেমের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করছে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ মাহমুদ হোসেন নামের এক চতুর্থ শ্রেণীর কর্মচারীকে লাঞ্ছিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার পর হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা একত্রিত হয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী মাহমুদ হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগে উপ-পরিচালক আবুল হাশেমের শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় ১ ঘন্টার মত হাসপাতালের সমস্ত কাজ-কর্ম বন্ধ হয়ে যায়। উপ-পরিচালক আবুল হাশেম ওই মেডিকেল কলেজের ছাত্রলীগের নেতাকর্মীদের বিষয়টি জানালে ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতাল চত্বরে অবস্থান গ্রহণ করে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরিদুজ্জামান তাদেরকে আশ্বস্ত করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। 
ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোন বিষয়কে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি হয়েছে তা এখনো বোঝা যাচ্ছে না। দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সমঝোতায় আসলে ঘটনাটি বড় আকার ধারণ করবে না।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে উপ-পরিচালকের বিরুদ্ধে এক কর্মচারীকে মারধর করার অভিযোগ শুনেছি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ সুরাহার চেষ্টা করছে।