দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

জনসংখ্যা নিয়ন্ত্রণে আলাদা মন্ত্রণালয় গঠনে হাইকোর্টের রুল

আমার হেলথ (১২ আগস্ট, বৃহসপতিবার): জনসংখ্যা নিয়ন্ত্রণে আলাদা মন্ত্রণালয় গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এ জন্য পর্যাপ্ত বাজেট প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে কেন প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শানোর কথাও বলা হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে মুখ্যসচিব, অর্থসচিব, আইনসচিব, পরিকল্পনাসচিবসহ ১৫ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
১২ আগস্ট, বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের চারজন আইনজীবীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। আগামী ২৬ সেপ্টেম্বর আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আদালত একই সঙ্গে গত ১০ বছরে গ্রাম ও শহরে জনসংখ্যা বৃদ্ধির গড় হার কত ছিল, তা আগামী চার সপ্তাহের মধ্যে জানাতে স্বাস্থ্যসচিবকে সময় বেঁধে দেন। সেই ১০ বছরে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, তাও জানাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণকাজে নিয়োজিত দেশি-বিদেশি এনজিওর নেওয়া পদক্ষেপের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।