দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

শীঘ্রই সাড়ে ১৩ হাজার হেলথ প্রোভাইডার নিয়োগ

জাফর সাদেক শিবলী, আমারহেলথ (২০ ডিসেম্বর, সোমবার): কেটে যাচ্ছে কমিউনিটি ক্লিনিকের জনবল সঙ্কট। অবশেষে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে সাড়ে তের হাজার হেলথ প্রোভাইডার নিয়োগের লিখিত পরীক্ষা। খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে জনবল সঙ্কটে ক্লিনিকগুলোর স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। 
এ বিষয়ে কমিউনিটি ক্লিনিক প্রজেক্টের পরিচালক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. মাখদুমা নার্গিস জানান, কমিউনিটি ক্লিনিকগুলোতে জনবলের অভাব থাকলেও ওষুধ সরবরাহ নিয়মিত রয়েছে। জনবল সঙ্কটে সামান্য সমস্যা সৃষ্টি হতেই পারে। বর্তমানে ক্লিনিকগুলোতে পার্শ্ববর্তী ইউনিয়ন বা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনার সহকারী দিয়ে কাজ চালিয়ে নেয়া হচ্ছে। খুব শীঘ্রই সাড়ে ১৩ হাজার হেলথ প্রোভাইডার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সাড়ে তের হাজার হেলথ প্রোভাইডার নিয়োগের কারনে চলমান সমস্যা আর থাকবে না বলে তিনি মনে করেন। 
কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কর্মকর্তারা জানান, পহেলা সেপ্টেম্বরে সাড়ে ১৩ হাজার হেলথ প্রোভাইডার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। প্রথম পর্যায়ে পহেলা সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনকারীদের আবেদনপত্র গ্রহণ ও জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়। পরবর্তীতে এ সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়। আগামী ২৪ ডিসেম্বরের লিখিত পরীক্ষা পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, টানা আট বছর পর ২০০৯ বছরের জুন থেকে কমিউনিটি ক্লিনিক প্রজেক্ট আকারে চালু হয়। এর আওতায় আরও ১০০ কমিউনিটি ক্লিনিকের অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে। আগামী বছর আরও ১৫০০ ক্লিনিকের ভবন নির্মাণ করা হবে। সব মিলিয়ে ২০১৪ সালের মধ্যে সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।