দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে স্বাস্থ্যনীতির প্রয়োজন নেই: ড. মিজানুর রহমান

আমারহেলথ (০৭ ডিসেম্বর, মঙ্গলবার): বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, স্বাস্থ্যনীতির প্রয়োজন নেই। ৪০ বছর হয়ে গেলো আর কত গ্রাম বাংলার মানুষ অপেক্ষা করবে। এই সব নীতি আমরা অধ্যাপকরা, আমলারা প্রণয়ন করি তাতে আমাদেরই লাভ হয়। জনগণের হয় না।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটি আয়োজিত তৃণমূল পর্যায়ে সরকারি চিকিৎসক ও চিকিৎসা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় আরও বলেন, সংবিধানের ১৪ এবং ১৮ অনুচ্ছেদে যেভাবে স্বাস্থ্য এবং পুষ্টির কথা বলা হয়েছে, তারপর আর স্বাস্থ্যনীতির প্রয়োজন নেই। স্বাস্থ্যকে জনগণের মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করতে হবে। জনগণকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হলে আইনের কাছে, আদালতের কাছে যাওয়ার সুযোগ করে দিতে হবে। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, কেনিয়াসহ বিভিন্ন দেশে স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, চিকিৎসা মহান পেশা, কিন্তু এখন মহান ব্যবসায় পরিণত হয়েছে। তিনি সরকারকে প্রস্তাব করেন প্রতি বছর প্রত্যেকটি মেডিকেল ছাত্রছাত্রীকে বাধ্যতামূলক গ্রামেগঞ্জে ৬ থেকে ৭ সপ্তাহ গ্রামীণ স্বাস্থ্য সেবায় নিয়োজিত হতে হবে। হেলথ কমপ্লেক্সে জড়িয়ে থাকতে হবে। তিনি ক্ষোভের সাথে বলেন, দেশের টাকা দিয়ে জনগণ ডাক্তার তৈরি করে বিদেশে চিকিৎসা দেয়ার জন্য নয়, এদেশের সাধারণ, গরিব মানুষের পাশে দাঁড়াতে।
স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুবের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, অতিরিক্ত সচিব ডা. মাখতুমা নার্গিস, সর্দার আরিফ উদ্দিন, কমিটির সদস্য সচিব নিতাই কান্তি দাস। প্রবন্ধ পাঠ করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর শমরেন্দ্র প্রসাদ চৌধুরী।