আমার হেলথ (১৩ জুলাই, মঙ্গলবার): স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম. রুহুল হক বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার একটি গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ণ করবে। ১৩ জুলাই, মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অভিষেক ২০১০ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসা সেবার ক্ষেত্রে বেসরকারি চিকিৎসকদের প্রতিষ্ঠান বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার এ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান গণতান্ত্রিক সরকার চিকিৎসকদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকরে। এরই ধারাবাহিকতায় চিকিৎসা সেবার উন্নয়নের জন্য দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপনসহ উপজেলা ও জেলা হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার সরকারি প্রয়াসকে সফল করতে বেসরকারি চিকিৎসকদের অবদান রাখার সুযোগ রয়েছে।
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া বক্তব্য রাখেন।
|